সেবার নিয়েছিলেন পুরো জাল, এবার জালের টুকরো

কথায় বলে, শখের তোলা লাখ টাকা। শখ পূরণে মানুষ কত কিছুই না করে। জেরার্ড পিকের শখ বড় বিচিত্র। এর আগে জানা গিয়েছিল, বার্সেলোনা ডিফেন্ডারের নেশা জার্সি জমানো। আরও একটি শখ আছে পিকের। গোলপোস্টের জাল সংগ্রহে রাখা।
গতরাতে কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর স্মারক হিসেবে কেটে রাখলেন গোলপোস্টের এক টুকরো জাল! পিকের জন্য অবশ্য এটা কমই। ওয়েম্বলিতে ২০১১ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেবার গোটা জালই রেখে দিয়েছিলেন সংগ্রহে। জাল নিয়ে সে হাঁটার দৃশ্য আজও চোখে ভাসে ফুটবলপ্রেমীদের। সেদিন পিকেকে মনে হচ্ছিল জেলে! যেন জাল দিয়ে বড় মাছ শিকার করে ফিরছেন। ‘শিকার’ই তো! বড় মাছটার নাম যে ইউনাইটেড!
এবার মাছটা ‘ছোট’ বলেই কিনা পুরো নয়, কেটে রাখলেন কেবল এক টুকরো জাল। অনেক দিন পর এ সংগ্রহ নিশ্চয় নস্টালজিক করে তুলবে বার্সা ডিফেন্ডারকে। মনে পড়বে, সতীর্থ লিওনেল মেসির মোহনীয় গোলের কথাও।