সেভিয়া না লিভারপুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু ফাইনাল থাকে, যার গুরুত্ব শুধু একটা ট্রফির চেয়েও বেশি কিছু। শিরোপার উচ্ছ্বাস ছাপিয়ে যার থাকে অন্য মাহাত্ম্য। বাসেলের সেন্ট জ্যাকব পার্কে আজ ইউরোপা লিগের ফাইনালটাও যেন তেমনই।
সেভিয়ার চোখ আজ রেকর্ডে, লিভারপুলের হারানো গৌরবে। ইউরোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিরোপাটি সেভিয়া জিতেছে সর্বোচ্চ চারবার, লিভারপুল তিনবার। আজ আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই, সেভিয়াকে হাতছানি দিচ্ছে একটা রেকর্ডও। সর্বশেষ দুই মৌসুমেই ইউরোপা লিগজয়ী স্প্যানিশ ক্লাবটি আজও জিতলে প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার জয়ের রেকর্ড গড়বে।
উনাই এমেরিকেও ছুঁয়ে যাচ্ছে এই রোমাঞ্চ, উয়েফার ওয়েবসাইটে সাক্ষাৎকারে সেভিয়া কোচ বলেছেন, ‘এতগুলো ফাইনালে খেলা, শিরোপা জেতা যে আবেগের জন্ম দেয়, সেটিই সেভিয়াতে থাকার সময়টাকে আরও স্পেশাল করে তুলছে।’
বিশেষ কিছুর হাতছানি থাকছে লিভারপুলেরও। ২০০৫ সালে ইস্তাম্বুলের বিখ্যাত চ্যাম্পিয়নস লিগই শেষ, এরপর গত ১১ বছরে ইউরোপে আর কোনো সাফল্য নেই ইংলিশ ক্লাবটির। জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে নতুন করে ইউরোপের পরাশক্তি হয়ে ওঠার স্বপ্নে বিভোর ক্লাবটি, তাদের জন্য এই ফাইনালই হতে পারে স্বপ্ন বাস্তবায়নের চাবিকাঠি।
কতটা রোমাঞ্চ ‘অলরেড’দের ঘিরে রেখেছে, সেটি বুঝে নিতে পারেন ২০০৫ চ্যাম্পিয়নস লিগে দলের গোলরক্ষক জের্জি দুদেকের কথায়। পোলিশ সাবেক গোলরক্ষক আজকের ফাইনালে দলকে প্রেরণা দিতে বলেছেন, ‘লিভারপুলের এখন নতুন রূপকথা দরকার, দরকার নতুন নায়ক।’
এ জন্য বড় ভরসা তাদের নাট্য পরিচালকের ওপর—ক্লপ। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে এ নিয়ে দুটি টুর্নামেন্টের ফাইনালে দলকে নিয়ে গেছেন জার্মান কোচ। তাঁকে ঘিরেই যে সুদিনের স্বপ্ন দেখছে লিভারপুল, সেটি বাস্তবে রূপ দিতে দলের সঙ্গে প্রস্তুত ক্লপও, ‘এটা একটা সুযোগ, আর আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। জানি ফাইনালটা কঠিন হবে। তবে আমরা শতভাগ প্রস্তুত।’
প্রস্তুতিটা শিরোপা ছাপিয়ে আগামী মৌসুমেরও। জিতলে বাড়তি পাওনা আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ। দুই দলেরই লিগে অবস্থান ভালো নয়। লিগে সপ্তম হওয়ায় সেভিয়া তবু ইউরোপা লিগের বাছাই খেলতে পারবে, কিন্তু লিভারপুল আজ হারলে আগামী মৌসুমে আর ইউরোপে খেলা হবে না। অবস্থাটা তাই দাঁড়িয়েছে ‘অল অর নাথিং’ সমীকরণে।
শুধু শিরোপা-মঞ্চ নয়, এ ম্যাচের মাহাত্ম্য এর চেয়ে একটু বেশি বৈকি! উয়েফা, ইএসপিএন।