সেভিয়া হেরেও মুগ্ধ মেসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মহিরুহ মেসি ও সুয়ারেজেই সেভিয়া-বাধা পার বার্সেলোনা l রয়টার্স
দুই মহিরুহ মেসি ও সুয়ারেজেই সেভিয়া-বাধা পার বার্সেলোনা l রয়টার্স

দুই দিন আগে কথাটা বলেছিলেন রসিকতা করেই। তবে এখন বোধ হয় আর রসিকতা নয়, হোর্হে সাম্পাওলি সত্যি সত্যিই বলবেন, “দুটি ব্যালন ডি’অর দেওয়া হোক। একটি মেসির জন্য, অন্য সবার জন্য বাকিটি।”

সেভিয়া কোচের আগের দিনের প্রশংসাটা যে স্রেফ রসিকতা নয়, পরশু রাতে লিওনেল মেসি সেটি আরেকবার প্রমাণ করে দিলেন। সেটাও সাম্পাওলির দলের বিপক্ষে। ১৫ মিনিটেই ভিতোলোর গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। পরে মেসি বার্সেলোনাকে জয় এনে দিলেন নিজে একটা গোল করে, লুইস সুয়ারেজকে দিয়ে আরও একটা করিয়ে। বার্সাও জিতল ২-১ গোলে। ৪৩ মিনিটের গোলটা আবার বার্সেলোনার হয়ে মেসির ৫০০তম গোল। এর মধ্যে প্রীতি ম্যাচের গোলও আছে। প্রতিযোগিতামূলক ম্যাচে গোল ৪৬৯টি। বাকি ৩১টি গোল প্রীতি ম্যাচে। সব প্রতিযোগিতা মিলিয়ে সেভিয়ার বিপক্ষেই সর্বোচ্চ (২৭টি) গোল মেসির।

ম্যাচ শেষেও সাম্পাওলি আরও একবার প্রশংসার বন্যায় ভাসিয়ে দিলেন মেসিকে, ‘ওর মতো খেলোয়াড় যখন ম্যাচটিকে এত গুরুত্বের সঙ্গে নেয়, প্রতিপক্ষের কাজটা অনেক কঠিন হয়ে যায়। মেসি বিশ্বমানের খেলোয়াড়। যখন খেলাটা উন্মুক্ত হয়ে যায়, ওকে থামানো তখন খুব কষ্টসাধ্য। সামান্য ভুল করলে সে আপনাকে কঠিন শাস্তি দিতে পারে। তার সতীর্থেরাও একই রকম। আপনি যদি তাদের জায়গা দেন, তাহলে তারাও আপনাকে শেষ করে দেবে।’

মুগ্ধ সেভিয়ার একমাত্র গোলদাতা ভিতোলোও, ‘মেসি সম্পর্কে আমি আপনাদের নতুন কিছু বলতে পারব না। আমার কাছে সে-ই সর্বকালের সেরা।’ কোচ আর খেলোয়াড়ের সঙ্গে সুর মিলিয়েছেন সেভিয়া সভাপতি পেপে ক্যাস্ত্রোও, ‘দুই দলের পার্থক্য একটাই—ওদের মেসি আছে, আমাদের নেই। ও সত্যিই অন্য গ্রহের। প্রথমবার যে বলটা পেল সেটাতেই গোল!’

প্রতিপক্ষ যাঁর প্রশংসা করে করে ক্লান্ত, এমন রাতে সেই মেসি সম্পর্কে তাঁর নিজের কোচ কিছু না বললে কি হয়! লুইস এনরিকে অবশ্য খুব নতুন কিছু বলেননি, ‘ওর ম্যাচের যেকোনো পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা অবিশ্বাস্য। ওর মতো আর কেউ নেই। আমাদের সব সময় লক্ষ্য থাকে যত বেশি পারা যায় ওকে বল দেওয়া।’

এই জয় নিয়েও অবশ্য লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। পরশু লেগানেসকে হারানোয় ১১ ম্যাচে ২৭ পয়েন্ট হয়েছে রিয়ালের। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এএফপি, রয়টার্স।

মেসির ৫০০ গোল

  ৬৩২        ০.৭৯

     ম্যাচ       ম্যাচপ্রতি গোল

   ৪০৬    গোল বাঁ পায়ে

      ৭১   গোল ডান পায়ে

     ২১    গোল হেডে

      ২    গোল অন্যান্য