সেভিয়াকে হারিয়ে বার্সার 'ডাবল'

চ্যাম্পিয়নস লিগের শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ার ব্যাপারটাই যা একটু খচখচানি তৈরি করছে। কিন্তু এর বাইরে তো দারুণ একটা মৌসুম পার করল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদরনে কোপা ডেল রের ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে লিগ জয়ের পর মৌসুমের দ্বিতীয় শিরোপাটাও ঘরে তুলল বার্সা। পূর্ণ করল ডাবল।
কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনাই ছিল ফেবারিট। কিন্তু ৩৬ মিনিটে হাভিয়ের মাচেরানোর লাল কার্ড, আর দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের চোট নিয়ে বেরিয়ে যাওয়া বার্সাকে কোণঠাসাই করে ফেলেছিল। ৯০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য রাখার পর অতিরিক্ত সময়ে খেলা গড়াতেই সর্বনাশ হলো সেভিয়ার। কদিন আগে ইউরোপা লিগের ফাইনাল খেলে আসার ক্লান্তি পরের ৩০ মিনিটে পেয়ে বসল তাদের। আর এর মধ্যেই লিওনেল মেসির জাদুকরি দুটি মুহূর্ত। নিজে গোল করেননি, কিন্তু দুর্দান্ত দুটি গোল করিয়েছেন। অতিরিক্ত সময়ে জর্ডি আলবা আর নেইমারের দুটি গোল মৌসুমের দ্বিতীয় শিরোপাটা এনে দেয় বার্সেলোনার হাতের মুঠোয়।
অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে মেসির বাড়ানো পাস থেকে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন আলবা। অতিরিক্ত সময়েরও যোগ করা সময়ে, ম্যাচের ১২২ মিনিটে বার্সেলোনা জয়টা নিশ্চিত করেন নেইমার।
সেভিয়া কিন্তু শুরুটা করেছিল দারুণ। বার্সাকেই বরং চাপে রেখেছিল। ১০ জনের দল হয়ে ওঠার পর তো বার্সাকে আরও চাপে ফেলে দেয় তারা। দলটি এগিয়ে যেতে পারত মাচেরানোর লাল কার্ড দেখা ওই ফাউলের পরপরই।
সেই ফাউল থেকে পাওয়া ফ্রি কিক থেকে এভার বানেগার দারুণ একটি বাঁকানো শট পোস্টে ঢোকার মুহূর্তে কোনোমতে হাত ছুঁইয়ে বাইরে বের করে দেন বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার ওপর চেপে বসেও গোল বের করতে পারেনি সেভিয়া। ৫০ মিনিটে বানেগার একটি দূরপাল্লার শট পিকের শরীরে লেগে পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেই অবশ্য এগিয়ে যেতে পারত বার্সেলোনাও। একবার ইভান রাকিতিচের কর্নার থেকে পিকের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। আরেকবার সেভিয়ার ডি বক্সের মধ্যে নেইমারের পাস থেকে বল পেয়েও কোনো এক ডিফেন্ডারের গায়ে মেরে দেন মেসি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে খেলোয়াড়ের সংখ্যায় সমতা আসে ম্যাচে। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান সেভিয়ার আক্রমণের অন্যতম স্তম্ভ বানেগা। অতিরিক্ত সময়ে আধিপত্য ছিল বার্সারই। ষষ্ঠ মিনিটে মেসির পাস থেকে স্বস্তির গোল পান আলবা। এক গোলে পিছিয়ে পড়ে দানিয়েল কারিকোর দ্বিতীয় হলুদ কার্ডে ম্যাচ থেকে একেবারেই ছিটকে পড়ে সেভিয়া। অতিরিক্ত সময়ের একেবারে শেষে নেইমার ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করে দেন বার্সেলোনার এই মৌসুমের ‘ডাবল’।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ এনরিকের প্রশংসা পেল পুরো দলই, ‘দারুণ একটা মৌসুম কাটালাম আমরা। শেষটাও হলো দুর্দান্ত। দলটাও দুর্দান্ত। সব প্রশংসা খেলোয়াড়দেরই প্রাপ্য। বার্সেলোনার ফুটবলাররা লড়াই করে, ভালো ফুটবল খেলে। সময়টা এখন উপভোগেরই।’ সূত্র: রয়টার্স।