সেভিয়ার ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালটা তাহলে ইয়ুর্গেন ক্লপের জন্য ‘অপয়া’ হয়েই থেকে গেল। আর লিভারপুল কোচের এই দুর্ভাগ্যের রাতে ইউরোপা লিগ জিতে নতুন ইতিহাস গড়ল সেভিয়া। এই প্রথম কোনো দল টানা তিনবার চ্যাম্পিয়ন হলো ইউরোপা লিগে।
বরুসিয়া ডর্টমুন্ডে থাকার সময় সর্বশেষ তিনটি টুর্নামেন্টের ফাইনালে জিততে পারেননি ক্লপ—দুটি জার্মান কাপ ফাইনাল (২০১৪ ও ২০১৫) আর ২০১৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। লিভারপুলে এসেও ধারাটা বদলাতে পারলেন না এই জার্মান কোচ। লিভারপুলকে লিগ কাপের ফাইনালে তুলে নিয়েও জেতাতে পারেননি, টাইব্রেকারে হারতে হয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। পরশু রাতে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে ৩-১ গোলের হার। সব মিলিয়ে ছয়টি ফাইনালে উঠে ক্লপ জয়ের দেখা পেয়েছেন একবার—২০১২ সালে ডর্টমুন্ডকে নিয়ে জার্মান কাপ ফাইনালে। পরের টানা পাঁচটি ফাইনালেই হারলেন! ফাইনাল তাঁর জন্য অপয়া নয়তো কী!
ম্যাচ শেষে ক্লপ অবশ্য এসব অপয়া-টপয়ার কথা হেসে উড়িয়ে দিলেন, ‘আমার মনে হয় না, ঈশ্বর পরিকল্পনা করে রেখেছেন যে আমি সব সময় ফাইনালে যাব আর হারব। ব্যক্তিজীবনে আমি তো দুর্ভাগা নই।’
ক্লপের একেবারে উল্টো ভাগ্য সেভিয়া কোচ উনাই এমেরির। এবারসহ সেভিয়াকে নিয়ে গেলেন তিনটি ইউরোপার ফাইনালে, তিনবারই শিরোপা। কোচ হিসেবে তিনবার ইউরোপা লিগ জেতার কীর্তিটা এত দিন শুধু ছিল জিওভান্নি ত্রাপাত্তনির। জুভেন্টাসকে দুবার (১৯৭৬-৭৭, ১৯৯২-৯৩) এবং ইন্টার মিলানকে (১৯৯০-৯১) একবার চ্যাম্পিয়ন করেছিলেন। পরশু ইতালিয়ান কোচকে ছুঁয়ে ফেললেন এমেরি।
বাসেলের সেন্ট জ্যাকব পার্কে পরশু ট্রফিটা হাতে তুলে ধরার কিছুক্ষণ পর টেলিভিশনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাই উনাই এমেরি বললেন, ‘আসলে ইউরোপা আমাদের টুর্নামেন্ট।’ রয়টার্স।