সেভিয়ার বিদেশি একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমেই সেভিয়ার দায়িত্ব নিয়েছেন হোর্হে সাম্পাওলি। নিজে আর্জেন্টাইন বলেই কিনা তাঁর দলেও এখন থাকে আর্জেন্টাইন খেলোয়াড়ের ছড়াছড়ি। গত শনিবার রাতে এইবারের বিপক্ষে সেভিয়া দলে ছিলেন চারজন আর্জেন্টাইন খেলোয়াড়। ইউরোপিয়ান ফুটবলে এমনটা অবশ্য নতুন কিছু নয়। ২০০৮-০৯ মৌসুমে প্রায়ই চারজন ডাচ খেলোয়াড়কে দেখা যেত রিয়াল মাদ্রিদ দলে। কিন্তু এই রাতে সেভিয়ার প্রথম একাদশ অন্য একটি দিক থেকে ব্যতিক্রম ছিল। এ একাদশে সুযোগ পাননি কোনো স্প্যানিশ।

লা লিগার ইতিহাসে এবারই প্রথম কোনো ক্লাব কোনো স্থানীয় ফুটবলার ছাড়া দল মাঠে নামাল। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা মিলিয়ে জমাট সূচিতে পড়ে কোচ সাম্পাওলি মূল একাদশে সাতটি পরিবর্তন এনেছিলেন সেদিন। চার আর্জেন্টাইন ছাড়াও এদিন দলে ছিলেন তিনজন ফ্রেঞ্চ, একজন ইতালিয়ান, পর্তুগিজ, ব্রাজিলিয়ান ও জাপানি! এতেই হয়ে গেল ইতিহাস। তবে খানিক পরই একজন স্প্যানিশ দলে ঢুকে পড়েন। ম্যাচের ১৪ মিনিটে ফরাসি আদিল রামি চোট পাওয়ায় মাঠে নামেন স্প্যানিশ সার্জিও এস্কুদেরো।

লা লিগায় এই প্রথম এমন ঘটনা ঘটলেও ইংলিশ প্রিমিয়ার লিগে এমনটি ঘটেছে অনেক আগেই। ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর সাউদাম্পটনের বিপক্ষে চেলসির প্রথম একাদশে কোনো ব্রিটিশ খেলোয়াড় সুযোগ পাননি। আর ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনালের স্কোয়াডেই কোনো ব্রিটিশ খেলোয়াড়ের জায়গা হয়নি। এর চেয়ে বড় এক ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আর্সেনালের নাম। ২০০৯ সালের ৩০ ডিসেম্বর পোর্টসমাউথ-আর্সেনাল ম্যাচে প্রথম একাদশের ২২ জনের মধ্যে ইংলিশ কোনো ফুটবলারই ছিলেন না। স্পোর্ট ইংলিশ।