সেভিয়ার বিবৃতিতে খুশি নন সাম্পাওলি

আর্জেন্টিনা তাঁকে চায়, এই কথাটা বোধ হয় মিথ্যে নয়। কিন্তু সেটা সংবাদমাধ্যমে চলে আসায় বেশ ঝামেলায় পড়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেভিয়া স্পষ্ট বলে দিয়েছে, মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় এসে তাদের কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়ে টানাটানি পছন্দ করছে না তারা। এর জন্য দরকার হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে। ক্লাবের এই অবস্থানের পর আবার উল্টো খেপেছেন সাম্পাওলি। তাঁর কথা, এ রকম গুঞ্জন শুনে যদি ক্লাব বিবৃতি দিতে থাকে তাহলে তো প্রতি সপ্তাহে একটা করে বিবৃতি দিতে হবে।
এদগার্দো বাউজাকে বরখাস্ত করার পর আর্জেন্টিনার নতুন কোচ কে হচ্ছেন এ নিয়ে গুঞ্জন চলছে। সেই গুঞ্জনে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সাম্পাওলির নামটাই। এমনকি শোনা যাচ্ছিল, নতুন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বৈঠক করতে আসছেন। এটার পরই সেভিয়ার সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যে বিবৃতির পর এএফএর পক্ষ থেকে পাল্টাবিবৃতি দিয়ে বলা হয়, তাপিয়া মোটেও সাম্পাওলির সঙ্গে কথা বলতে স্পেনে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন লিওনেল মেসির সঙ্গে দেখা করতে।
এএফএ আর সেভিয়ার মধ্যে এই পাল্টাপাল্টি ভালো লাগছে না সেভিয়া কোচ সাম্পাওলির। খেপে গিয়ে বলেছেন, ‘এই বিবৃতিটা (সেভিয়ার) দেওয়া হয়েছে গুঞ্জনের ওপর ভিত্তি করে। এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।’
তিনি আর্জেন্টিনার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন—এই কথাটাও সত্যি নয় বলে দাবি সাম্পাওলির, ‘আমাকে তো এরই মধ্যে অনেকে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল আর হল্যান্ডের কোচও বানিয়ে দিয়েছে। অনেক গুঞ্জনের মধ্যেই আমার নাম চলে আসছে, এটার আমার জন্য বিরক্তিকর। আর এ রকম গুঞ্জন শুনে যদি ওরা বিবৃতি (সেভিয়া) দিতে থাকে, তাহলে তো প্রতি সপ্তাহে একটা করে বিবৃতি দিতে হবে।’
কোনটা গুঞ্জন আর কোনটা সত্যি সেটা জানতে অবশ্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ফুটবলপ্রেমীদের। সামনের মাসেই শেষ হয়ে যাবে ইউরোপে ক্লাব ফুটবলের চলতি মৌসুম। ওদিকে আগামী আগস্টের আগে আর্জেন্টিনার বাছাই পর্বের খেলা নেই। মৌসুম শেষ হলেই তাই সাম্পাওলির সঙ্গে আলোচনার ব্যাপারটা প্রকাশ্যে আনতে পারবে এএফএ। এএফপি