বেনফিকা ১-৩ লিভারপুল
(দারউইন নিউনেজ) (ইবরাহিমা কোনাতে, সাদিও মানে, লুইস দিয়াজ)
চারদিন পরেই প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। যে ম্যাচের ফলাফলের ওপরই হয়তো নির্ভর করবে, এবার লিগ শিরোপা কার হাতে যাবে। এমন অবস্থায় বেনফিকার মতো দুর্বল দলের বিপক্ষে চাইলেই খর্বশক্তির দল নামাতে পারতেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
কিন্তু সেটা করলেন না। মূল একাদশে মোহাম্মদ সালাহ থেকে শুরু করে সাদিও মানে, থিয়াগো আলকানতারা, ভার্জিল ফন ডাইক, ফাবিনিও, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড, অ্যান্ডি রবার্টসন - সবাইকেই দেখা গেল। আর তাতে বেনফিকার মাঠ থেকে ৩-১ গোলের অনায়াস জয় নিয়ে বাড়ি ফিরল লিভারপুল। পরের লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে বেনফিকা অন্তত দুই লেগের ব্যবধানে জিতে আসবে, এমন আশা হয়তো বেনফিকার কোনো পাঁড় ভক্তও করবেন না। সে হিসেবে লিভারপুল দ্বিতীয় লেগের আগেই এক পা সেমিতে দিয়ে রেখেছে, এমনটা বলে দেওয়াই যায়!
বেনফিকার রক্ষণ ভাঙতে মেরেকেটে ১৭ মিনিট লেগেছে লিভারপুলের। মৌসুমের শুরুতে জার্মান ক্লাব লাইপজিগ থেকে দলে আসা ফরাসি ডিফেন্ডার ইবরাহিমা কোনাতে লিভারপুলের জার্সি গায়ে প্রথম গোল পেয়েছেন। লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের কর্নারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন কোনাতে।
এর ঠিক ১৭ মিনিট পর আবারও গোলের দেখা পায় লিভারপুল। মাঝমাঠের ডানপ্রান্ত থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের ভেসে আসা বলে মাথা ছুঁয়ে পাশে থাকা সাদিও মানেকে গোলের সুযোগ তৈরি করে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। তাতেই ব্যবধান ২-০ হয়ে যায়।
দিয়াজ আগে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে খেলতেন, সে সুবাদে বেনফিকাকে কাছ থেকে দেখেছেন, হয়তো কোচকে ম্যাচের আগে বাড়তি কিছু তথ্য দিয়ে সহায়তাও করেছেন। ক্লপ যার প্রতিদান দিয়েছেন দিয়াজকে মূল একাদশে রেখে। দিয়াজও কোচের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন একটি করে গোল করে ও করিয়ে।
৩৪ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়ার কারণেই কি না, একটু গা-ছাড়া ভাব চলে আসে লিভারপুলের খেলায়। ডানপ্রান্ত থেকে আসা রাফা সিলভার একটা ক্রস ঠিকঠাক পায়ে লাগাতে না পেরে দলের বিপদ ডেকে আনেন ম্যাচের প্রথম গোলদাতা কোনাতে। পেছনে ওঁত পেতে থাকা উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নিউনেজ গোল করার পর কোনাতেকে ধন্যবাদ দিয়েছেন কি না, জানা যায়নি যদিও!
গোল পেয়েই যেন প্রাণ ফিরে পায় বেনফিকা। লিভারপুলের রক্ষণ কাঁপিয়ে দেয় বেশ কিছু আক্রমণের মাধ্যমে। সামনের সিটির বিপক্ষে ম্যাচ দেখগেই কি না, ৬০ মিনিটের মাথায় সালাহ, থিয়াগো আর মানেকে তুলে নেন ক্লপ। তাতে লিভারপুলের সমস্যা হয়নি। দিয়াজ ছিলেন যে!
৮৭ মিনিটে মিডফিল্ডার নাবি কেইতার রক্ষণচেরা পাস খুঁজে নেয় সামনে থাকা দিয়াজকে। দিয়াজও বেনফিকার গোলকিপার ভ্লাচোমিদোসকে কাটিয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন।
লিভারপুলের ভাবনায় এখন শুধুই সিটি!