সেমিতে জাপানের সঙ্গে ইংল্যান্ডও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো টুর্নামেন্টজুড়ে আলো ছড়াতে পারেনি জাপান। তবে কানাডায় অনুষ্ঠানরত সপ্তম মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে তারা। পরশু এডমন্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জাপান ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এদিন ভ্যাঙ্কুভারে অন্য সেমিফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে কানাডাকে। জাপান-ইংল্যান্ডের আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দুবার করে শিরোপাজয়ী যুক্তরাষ্ট্র ও জার্মানি।
জাপানের জয়ের নায়িকা ‘সুপার সাব’ মানা ইওয়াবুচি। ম্যাচের ৮৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড ইওয়াবুচি। ৭২ মিনিটে বদলি হিসেবে তাঁকে মাঠে নামানোর সময় জাপানের কোচ নোরিও সাসাকি যেন ফলটা জানতেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিল। তাকে মাঠে নামানোর সময় বলেছিলাম, “তুমি ম্যাচের ভাগ্য গড়ে দিতে যাচ্ছ”।’ কোচের কথা রেখেছেন ইওয়াবুচি। ১ জুলাই সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ফ্রান্সের কাছে ১-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখন পুরোপুরি ছন্দে ইংল্যান্ডের মেয়েরা। প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা দলটির লক্ষ্য এখন ফাইনাল। এএফপি, রয়টার্স।
সেমিফাইনাল লাইনআপ
৩০ জুন যুক্তরাষ্ট্র-জার্মানি
১ জুলাই জাপান-ইংল্যান্ড