সেমিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু কাপ
বঙ্গবন্ধু কাপ

মালয়েশিয়া যুব দলের কাছে হেরে বেশ চাপের মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ থেকে মুক্তি মিলল কাল। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাধা হতে পারেনি শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ড্র হলেই বঙ্গবন্ধু কাপের সেমিফাইনাল নিশ্চিত ছিল। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েই বাংলাদেশ দল পা রাখল সেমিতে। 
১৫ বছর পর হচ্ছে বঙ্গবন্ধু কাপ। এই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা শুধু প্রত্যাশিতই নয়, প্রথম ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়া ফুটবলারদের জন্য এটি ছিল চ্যালেঞ্জও। তাতে জয়ী হওয়ার পথে নায়কের নাম হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। প্রথমার্ধের শেষ দিকে এই মিডফিল্ডারের এনে দেওয়া একমাত্র গোলেই এল কাঙ্ক্ষিত জয়, যা বাংলাদেশকে আরও বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে।
বাংলাদেশের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিফাইনালে উঠেছে মালয়েশিয়া। দুটি ম্যাচই জিতে দলটির পয়েন্ট ৬। বাংলাদেশের ৩। অন্য গ্রুপ থেকে প্রথম ম্যাচেই জয় পাওয়া থাইল্যান্ডও পেয়েছে সেমির টিকিট। শেষ চারের আর একটি দলই বাকি।
পরশু, ৫ ফেব্রুয়ারি সিলেটে প্রথম সেমিফাইনাল। পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইন অথবা থাইল্যান্ড। সেমির চৌহদ্দি পেরিয়ে ফাইনালে চোখ মামুনুল ইসলামের। শ্রীলঙ্কাকে হারিয়ে সেই আশাবাদও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের স্বপ্ন এখন ফাইনালে খেলা।’
ফাইনাল খেললে তো খুবই ভালো। সেটিকে এখন অসম্ভবও মনে হচ্ছে না।