৩ গোলে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মোহামেডান। তারা জানতই না বাইলজে দুই দলের সমান পয়েন্টের ক্ষেত্রে প্রথমে বিবেচিত হয় মুখোমুখি লড়াইটা। নিয়ম অনুয়ায়ী যত গোলেই জিতুক এই ম্যাচ তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। ৩ গোলের লক্ষ্যে নেমে এফসি শাহিন আসমাইকে ২-১ গোলে হারালও মোহামেডান। কিন্তু তাতে লাভ হলো মানাং মার্সিয়াংদির।
এই জয়ের ফলে তিন ম্যাচে মোহামেডানের ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ রানারআপ হিসেবে সেমিফাইনালের দেখা পেল নেপালের মার্সিয়াংদি। ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী কোরিয়ার পোচন সিটিজেনের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।
গতকাল ফ্লাডলাইটে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মোহামেডান তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। এ সময় জিনাপিওর থ্রু পাসে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের হাতে বল তুলে দেন আমিনুর। পরের মিনিটে আফগান ক্লাবটির অধিনায়ক আমিরউদ্দিনও গোলরক্ষককে কাটিয়ে ডান প্রান্তের দুরূহ কোণ থেকে বলটি সাইডবার ঘেঁষে জালের বাইরে লাগান।
মোহামেডান ৩৩ মিনিটে দাউদা চিসের জোরালো শটে এগিয়ে যায় (১-০)। তাঁকে বাঁ প্রান্ত থেকে বলটি দিয়েছিলেন তৌহিদ। ৩৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতো, যদি দাউদার ক্রসে জিনাপিওর সাইড ভলি খুঁজে পেত ঠিকানা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া এফসি শাহিন ৬৯ মিনিটে উল্টো আরেকটা গোল খেয়ে যায়। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে টুর্নামেন্টের সেরা গোলটি করেন দাউদা চিসে (২-০)। পরে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। ৪১ মিনিটে শাহিন এফসির অধিনায়ক আমির উদ্দিন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান (২-১)।
যদিও ব্যবধান বাড়িয়েও লাভ হতো না মোহামেডানের। তাই সান্ত্বনার জয় নিয়েই টুর্নামেন্ট শেষ হলো তাদের। ম্যাচ শেষে বাইলজের নিয়মটি যে জানা ছিল না সেটি স্বীকার করলেন মোহামেডান কোচ আবদুল কাইয়ুম, ‘আমরা ৩ গোলের টার্গেট নিয়ে খেলেছি। জানতাম না তিন গোলে জিতলেও সেমিতে যাওয়া হবে না।’
মোহামেডান: মামুন, বেঞ্জামিন, বিশ্বনাথ, কামারা, মাসুক (ইউসুফ), ফারুক, আমিনুর, তৌহিদ, চিসে, সুশান্ত, জিনাপিও।