সেমিতে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অঘটন নয়। ফেডারেশন কাপের সেমিফাইনালে প্রত্যাশিতভাবেই পা রাখল শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল কোয়ার্টার ফাইনালে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। ১ মার্চ সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি।
শেখ রাসেলের দুটি গোলই দুই বিদেশির—কিংসলে চিগোজি ও পল এমিলি। ৪০ মিনিটে এমিলির ক্রসে কিংসলের শট, ১-০। তবে গোল করার আগেই অবশ্য কিংসলের দুর্দান্ত শট ফিরে আসে ক্রসবারে লেগে। ৫৬ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন পল। দুর্বল চট্টগ্রাম আবাহনী সীমিত সামর্থ্য নিয়ে চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি।
কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ দিনে আজ আবাহনী-মুক্তিযোদ্ধা লড়াই। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে মোহামেডানের সঙ্গে।