১ ফেব্রুয়ারি : মিসর-বুরকিনা ফাসো; ২ ফেব্রুয়ারি: ঘানা-ক্যামেরুন
একসময়ে তাদের পিঠে সাঁটা ছিল আফ্রিকার ফুটবলের পরাশক্তির তকমা। সেই মিসর গত কয়েক বছর নিজেদের হারিয়ে খুঁজছিল। তবে আবার জেগে উঠেছে তারা। পরশু ফেবারিট মরক্কোকে হারিয়ে জায়গা করে নিয়েছে এবারের আফ্রিকান নেশনস কাপের (আফকন) শেষ চারে। চারবার করে চ্যাম্পিয়ন ঘানা ও ক্যামেরুনও ছুটছে শিরোপার দিকে। এই তিন পরাশক্তির সঙ্গে সেমিফাইনালে উঠেছে ‘পুঁচকে’ বুরকিনা ফাসোও।
আফকনে রেকর্ড সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিসর। কিন্তু দেশটির রাজনৈতিক অঙ্গনে হাওয়াবদলের ঝাপটা এসে যেন লাগে ফুটবলেও। ২০০৬ থেকে ২০১০ সাল—টানা তিনটি শিরোপা জিতেছিল মিসর। কিন্তু পরের তিনটি আসরের বাছাইপর্বই পেরোতে পারেনি। তারা এবার এসেই আবার সেমিফাইনালে উঠল। মাহমুদ কাহরাবার ৮৭ মিনিটের গোলে মরক্কোকে হারিয়েছেন এশাম এল হাদারিরা। এর আগে অবশ্য মরক্কোকে গোলবঞ্চিত করে ক্রসবার। মরক্কোর শেষ চেষ্টাটি ক্রসবারের ওপর দিয়ে উড়ে যাওয়ার পরই রেফারি খেলা শেষের বাঁশি বাজান। আনন্দে আত্মহারা মিসরের গোলরক্ষক এশাম এল হাদারিও সতীর্থদের সঙ্গে বুনো উদ্যাপনে মেতে ওঠেন। আফকনের সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের এই টুর্নামেন্টে পঞ্চম শিরোপা জয়ের সম্ভাবনা যে বেঁচে থাকল। আগের চারটি শিরোপার প্রথমটি ৪৪ বছর বয়সী এই গোলরক্ষক জিতেছিলেন ১৯ বছর আগে।
পরশু ঘানা সেমিফাইনালে উঠেছে দুই ‘আইয়ু’ ভাই আন্দ্রে ও জর্ডানের জাদুতে। কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেন ঘানার কিংবদন্তি আবেদি পেলের এই দুই ছেলে। ৬৩ মিনিটে ঘানাকে এগিয়ে দেন দুই বছরের ছোট ভাই জর্ডান আইয়ু। ৫ মিনিট পরই সমতায় ফেরে কঙ্গো। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আন্দ্রে আইয়ু। আফকনের অন্যতম সফল দল ঘানার সর্বশেষ শিরোপা জয় ৩৫ বছর আগে, ১৯৮২ সালে। সেবার ঘানা দলে ছিলেন আবেদি পেলে। এরপর তিনটি ফাইনাল আর চারটি সেমিফাইনালে হেরেছে ঘানা। এর মধ্যে আছে সর্বশেষ আফকনের ফাইনালে আইভরিকোস্টের কাছে টাইব্রেকারে হারের হতাশা। ৩৫ বছরের আক্ষেপ কি এবার ঘোচাতে পারবেন আবেদি পেলের দুই ছেলে?
আগামী পরশু সেমিফাইনালে ঘানার প্রতিপক্ষ ক্যামেরুন। তারা এসেছে ১৫ বছরের শিরোপা-খরা কাটাতে। এদিক থেকে মিসরের ফাইনালে ওঠার পথ অনেকটাই মসৃণ। আগামীকাল প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত আফকনের শিরোপা না জেতা বুরকিনা ফাসো। এপি, এএফপি, রয়টার্স