সেমিফাইনালে ওঠার জন্য ড্র-ই ছিল যথেষ্ট। কিন্তু কাল মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে পাকিস্তানে অনুষ্ঠানরত মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠে গেছে বাংলাদেশ। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্য সেমিতে দুবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
পুরো ম্যাচে দাপটের সঙ্গেই খেলেছে বাংলাদেশ মহিলা দল। ১৮ মিনিটে মাইনু মারমার গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। ৮৪ মিনিটে আয়াশাথ সামা একটি গোল শোধ করেন। তবে ৮৭ মিনিটে সাবিনার গোলে নিশ্চিত হয় জয়।
এমন জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের জাপানি কোচ নরিও সুকিতাতে, ‘মেয়েরা খুবই ভালো খেলেছে এই ম্যাচে। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
এর আগে প্রথম সাফের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কক্সবাজারে সেবারও প্রতিপক্ষ ছিল নেপাল। ঘরের মাঠের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। এবার নিরপেক্ষ ভেন্যুতে কি ওই হারের প্রতিশোধ নিতে পারবেন সাবিনা-সুইনু প্রুরা!