সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় গোল করে উৎসবের মধ্যমণি হয়ে রইলেন মান্নাফ রাব্বি (৯ নম্বর জার্সি)। তাঁকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন টুটুল হোসেন। কাল নেপালের একাডেমি মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে
দ্বিতীয় গোল করে উৎসবের মধ্যমণি হয়ে রইলেন মান্নাফ রাব্বি (৯ নম্বর জার্সি)। তাঁকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন টুটুল হোসেন। কাল নেপালের একাডেমি মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের জয়রথ চলছেই। গত সপ্তাহে সিলেটে সাফের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাল নেপাল থেকেও এল সুখবর। কাঠমান্ডুর ফুটবল একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
নেপালের কাছে আগের ম্যাচে ৩-১ গোলে হার, টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ভুটান। তিন দলের গ্রুপে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। জয়ের নায়ক রোহিত সরকার ও মান্নাফ রাব্বি, তাঁরা গোল দুটি করেছেন ২ মিনিটের ব্যবধানে। বাংলাদেশ আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে খেলবে নেপালের সঙ্গে।
ঢাকা ছাড়ার আগে কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন, ছোটদের সাফল্য অনুপ্রাণিত করবে বড়দের। তাই কাল কাঠমান্ডুর মাঠে জয়ের জন্য দারুণ অনুপ্রাণিতই মনে হয়েছে অনূর্ধ্ব-১৯ দলকে। প্রিমিয়ার লিগের উদীয়মান দুই ফুটবলার রহমতগঞ্জের মান্নাফ রাব্বি এবং মোহামেডানের ইব্রাহিমের দাপটে তটস্থ ছিল ভুটানের রক্ষণভাগ। তাঁদের ভালোই সংগত দিয়েছেন বিকেএসপির রোহিত সরকার। বাংলাদেশকে প্রথম গোলটির জন্য অপেক্ষা করতে হয়েছে অবশ্য ৪২ মিনিট। গত বছর বাংলাদেশ গেমস ফুটবলের চ্যাম্পিয়ন বিকেএসপির সর্বোচ্চ গোলদাতা (৭টি) রোহিত প্রথমে খোলেন গোলের মুখ। মান্নাফ রাব্বির হেড থেকে বক্সের সামনে দাঁড়ানো রোহিতের গতিময় ভলি খুঁজে পায় জাল (১-০)। দুই মিনিট পরই বাংলাদেশকে আরেকবার আনন্দে ভাসান মান্নাফ রাব্বি। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি বল ক্লিয়ার করতে বক্স ছেড়ে এগিয়ে এসেছিলেন ভুটানের গোলরক্ষক কেজাং। বলটি থামানোর চেষ্টা করলেও তাঁর হাত ফসকে বেরিয়ে যায়। সামনে দাঁড়ানো মান্নাফ রাব্বি দ্রুতই বলটি নিয়ে ভুটানের এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে পাঠিয়ে দেন জালে (২-০)।
বাংলাদেশের জয়ের ব্যবধান বড় হতে পারত। কিন্তু ইব্রাহিম গোলের গোটা তিনেক সুযোগ নষ্ট করেছেন। তবে বেশির ভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। শুধু শুরুর মিনিট দশেকই যুব দলটিকে যা একটু অগোছালো মনে হয়েছে। তবে দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে কখনো ডান প্রান্ত, কখনো বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ শাণিয়েছে দলটি। রক্ষণে টুটুল, ডান প্রান্তে ইব্রাহিম, মাঝমাঠে রোহিত আর আক্রমণে মান্নাফ রাব্বি—পুরো দলের মধ্যেই দারুণ একটা গাঁথুনি ছিল। আর এতেই ধরা দিয়েছে সাফল্য।
ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত কাঠমান্ডু। ফুটবলাররা এ জন্য হাঁপিয়ে উঠছিলেন দ্রুতই। জয়ের পর তাই কোচ সাইফুল বারীর কণ্ঠে একটু হতাশারই সুর থাকল, ‘প্রথম গোলটি পাওয়ার পর আরও সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেগুলোর বেশির ভাগই কাজে লাগাতে পারেনি ছেলেরা। এখনো ওরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তবে আশা করি এ সমস্যা কাটিয়ে পরের ম্যাচে আরও ভালো করব আমরা।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আনিসুর, রহমত, ইমন, টুটুল, মাসুক, রোহিত (রাকিব), শাহরিয়ার, রাব্বি, বিপলু (অনীক), ইব্রাহিম ও রকি।