সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতেই কেউ একজন পতাকা নিয়ে কোর্টে ঢুকলেন। লাল-সবুজের পতাকা কাঁধে মিরপুরের ইনডোরে চক্কর দিতে শুরু করলেন বাংলাদেশ পুরুষ দলের খেলোয়াড়েরা। গ্যালারি থেকে ততক্ষণে নেমে এসেছে মহিলা দল। কর্মকর্তা, খেলোয়াড়দের আত্মীয়স্বজন আর সমর্থকেরা এই দলকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। নেপালকে ৬-৩ গোলে হারিয়ে একটু আগেই রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সোনালি সময়টা তাই ফ্রেমবন্দী করে রাখতে চাইছিলেন সবাই। আজ সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ইরানের।
আন্তর্জাতিক টুর্নামেন্টে এটি বাংলাদেশের সেরা সাফল্য। গত বিশ্বকাপে সপ্তম হওয়া দলটি এবার প্রস্তুতি নিয়েছে দীর্ঘ দুই মাস। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচও খেলেছে। কোর্টে সেই প্রতিফলন দেখিয়ে চলেছেন আসিফ, দীপ্র, হৃদয়রা। গ্রুপ পর্বে চারটির পর কাল চার ঘণ্টার ব্যবধানে জিতেছে দুটি ম্যাচ।
সকালে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দেয় চীনা তাইপেকে। ওই ম্যাচে সর্বোচ্চ ৫ গোল করেন দীন হাসান হৃদয়। এরপর কোয়ার্টার ফাইনালে আরও ৩ গোল। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৬ গোল করে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের গোলরক্ষক ইনতিসার আহমেদ, ‘নেপালের সঙ্গে ম্যাচটা কঠিন ছিল আমাদের জন্য। এই পর্যায়ের ম্যাচ সহজে জেতাও সম্ভব নয়। প্রথমবার সেমিফাইনালে উঠে রোমাঞ্চিত আমরা। আশা করি, কাল জিতে ফাইনালেও উঠব।’