সেমিফাইনালে 'প্যাসিফিক ক্লাসিকো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা নিয়ে বিরোধ আছে। আছে জাতিগত দ্বন্দ্বও। যার ফল আঠারো শতকের শেষ দিকে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ দুই প্রতিবেশী চিলি আর পেরু। এমন দুটি দেশ যখন ফুটবলে মুখোমুখি হয়, সেটা দ্বৈরথ না হয়ে পারে? প্রশান্ত মহাসাগরের তীরে এই দুটি দেশের ফুটবলীয় দ্বৈরথটা দক্ষিণ আমেরিকানদের কাছে পরিচিত ‘ক্লাসিকো দেল প্যাসিফিকো’ নামে। যেখানে ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াই তো থাকেই, সঙ্গে বাড়তি উপাদান হিসেবে যোগ হয় রাজনৈতিক বৈরিতার ঝাঁজ। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে সান্তিয়াগো স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আরেকবার মুখোমুখি হবে দুই দল। ম্যাচের সময়টা যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদও চড়ছে পাল্লা দিয়ে।
দ্বৈরথে বাড়তি মাত্রা যোগ করেছে ‘বাইসাইকেল কিক’ নিয়ে চিরন্তন বিতর্ক। চিলিয়ানরা বলে, চোখজুড়ানো এই কৌশলটা তাদেরই আবিষ্কার, ১৯১৪ সালের দিকে। সেই দাবি উড়িয়ে পেরুভিয়ানরা দাবি করে, আঠারো শতকের শেষ দিকে তারাই প্রথম বাইসাইকেল কিক দেখায় ফুটবল মাঠে। সেই বিতর্কের সমাধান হয়নি আজও। তার ওপর গত কয়েক দশকে বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের মধ্যে কয়েকটি বিস্ফোরক ম্যাচ তো জায়গা করে নিয়েছে ‘প্যাসিফিক ক্লাসিকো’র রূপকথাতেই। ১৯৭৪ বিশ্বকাপের বাছাইপর্বে চিলি ছিটকে দিয়েছিল পেরুকে। চার বছর পরই সেটির শোধও নিয়েছিল পেরু, শেষ করে দিয়েছিল চিলির ১৯৭৮ বিশ্বকাপ খেলার আশা।
বৈশ্বিক আসরের পারফরম্যান্সে অবশ্য সাম্প্রতিককালে চিলিই এগিয়ে। সর্বশেষ দুটি বিশ্বকাপে খেলেছে তারা, গত বছর ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নেয় শেষ ষোলোতেও। অন্যদিকে ১৯৮২ সালের পর আর বিশ্বকাপেই সুযোগ পায়নি পেরু। দুই দলের সর্বশেষ ১০ ম্যাচের ৯ টিতেই জিতেছে চিলি, পেরুর জয় বাকি একটি ম্যাচে। স্বভাবতই সেমিফাইনালে চিলিকেই এগিয়ে রাখতে হচ্ছে। তবে পরিসংখ্যানকে খুব একটা পাত্তা দিচ্ছেন না কোয়ার্টার ফাইনালে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা পেরুভিয়ান স্ট্রাইকার পাওলো গেরেরো, ‘সবাই চিলিকে ফেবারিট বলছে, বলতে দিন। আমরা আগের ম্যাচগুলো যেভাবে খেলেছি, সেমিফাইনালেও সেভাবেই খেলব।’ তার সতীর্থ ক্লদিও পিজারো তো মাঠে নামার আগেই ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন কথার তির ছুড়ে, ‘আশা করছি, স্বাগতিক হিসেবে ওরা রেফারির কাছ থেকে কোনো বাড়তি সুবিধা পাবে না। আমি জানি না চিলি-উরুগুয়ে ম্যাচে এ রকম কিছু হয়েছে কি না। অনেক কথাই হচ্ছে এসব নিয়ে। তবে আশা করি, আমাদের বিপক্ষে এমন কিছু হবে না।’
চিলি অবশ্য এসবে কান দিচ্ছে না। ফর্ম দারুণ হলেও সেমিফাইনালে হোর্হে সামপাওলির দলকে খেলতে হতে পারে ডিফেন্ডার গঞ্জালো হারাকে ছাড়া। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এডিনসন কাভানির সঙ্গে অশোভন আচরণের জন্য একাধিক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হারা। তাঁকে না পাওয়াটা দলের জন্য হবে বিরাট ক্ষতি—এটা মানছেন চিলিয়ান মিডফিল্ডার ডেভিড পিজারোও। তবে হারাকে ছাড়াও চিলি ম্যাচ জিততে পারবে বলে আশাবাদী ফিওরেন্টিনার এই মিডফিল্ডার, ‘আমাদের দলটা দুর্দান্ত আর আমরা খুব ভালো ফুটবলও খেলছি।’ এএফপি।