সেমিফাইনালেই সন্তুষ্ট স্পেন!
গত দুবারের চ্যাম্পিয়ন, এবার জিতলেই হ্যাটট্রিক শিরোপা। অথচ সেই স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক বলছেন, এবার সেমিফাইনাল পর্যন্ত গেলেই তাঁরা সন্তুষ্ট। সামনের মাসেই শুরু হচ্ছে ইউরো ২০১৬। ফেবারিটদের তালিকায় এবার স্পেনের নাম সেভাবে আসছে না। দেল বস্কও শিরোপা নয়, বরং সে জন্য সেমিফাইনালে যাওয়াটাই মানছেন লক্ষ্য, ‘সেমিফাইনালে যেতে পারলে আমি খুশি, এটাই হচ্ছে সত্যি। অনেকেই অবশ্য শিরোপা না জিতলেই আমাদের ব্যর্থ বলবে। আমি চাই না, স্নায়ুচাপ ও হতাশা কোনোভাবেই আমাদের পেয়ে বসুক। অস্থিরতা দলের জন্য খুবই খারাপ। গত বিশ্বকাপে হল্যান্ডের সঙ্গে ম্যাচের মতো কিছু চাই না।’ গত বিশ্বকাপে হল্যান্ডের কাছে ৫-১ গোলে হারের ওই স্মৃতি অনেক দিনই তাড়া করে বেরিয়েছে দেল বস্ককে। ফেবারিট হিসেবে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল এমনকি বেলজিয়াম, আইসল্যান্ডের নাম বললেও স্পেনের নাম বলেননি। তাহলে কি দলের ওপর থেকে চাপ সরানোর জন্যই এসব বলেছেন? গোল ডট কম।