সেরা একাদশে রোনালদো আছেন, মেসিদের কেউ নেই

চ্যাম্পিয়ন লিগের বর্তমান চ্যাম্পিয়ন তাঁরা। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা... সময়ের সেরা অনেক খেলোয়াড় বার্সেলোনায়। বিশ্বের যেকোনো দলই বর্তে যায় এঁদের কাউকে দলে পেলে। তাঁদেরই কিনা জায়গা হলো না উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে!
গতকাল উয়েফার ওয়েবসাইটে পারফরম্যান্সের ভিত্তিতে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের সেরা একাদশ ঘোষণা করেছে। তাতে নেই বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার কেউ। সর্বোচ্চ দুজন করে খেলোয়াড় আছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর। বাকি ৭ জন সাতটি ভিন্ন ক্লাবের।
মেসি না থাকলেও তাঁর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনালদো ঠিকই জায়গা করে নিয়েছেন একাদশে। অবশ্য গ্রুপপর্বে ৬ ম্যাচে ১১ গোল যাঁর, গ্রুপপর্বে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুই অঙ্কের গোলের রেকর্ড গড়েছেন যিনি, তাঁকে কেবল কোনো উন্মাদই দলের বাইরে রাখতে পারে। ৪-৩-৩ ফরমেশনে আক্রমণে রোনালদোর সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার (৫ গোল, দুই অ্যাসিস্ট) ও জেনিত সেন্ট পিটার্সবার্গের ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ককে (৩ গোল, ৪ অ্যাসিস্ট)।
একাদশে মেসির না থাকাটা অনুমিতই ছিল। চোটে দুই মাস মাঠের বাইরে ছিলেন বলে গ্রুপপর্বে ম্যাচই খেলেছেন মাত্র ৩টি। তাতে যদিও ৩ গোল ও একটি অ্যাসিস্ট আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের, তবু মাত্র ৩টি ম্যাচ খেলেই কোনো সেরা একাদশে জায়গা করে নেওয়া কোনো ‘ভিনগ্রহে’র খেলোয়াড়ের পক্ষেও বোধ হয় সম্ভব নয়। তবে বার্সার অন্য খেলোয়াড়েরা, বিশেষত নেইমার-সুয়ারেজের বাদ পড়াটা একটু চমক জাগাচ্ছে। বার্সার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজের গোল ৫টি, অ্যাসিস্ট ২টি। আর ক্যারিয়ারের সেরা ফর্ম কাটানো নেইমার দুই গোলের সঙ্গে করেছেন ৪ অ্যাসিস্ট।
অবশ্য সংখ্যার বিচারে নেইমার-সুয়ারেজের চেয়েও বেশি চমক জাগাবে রবার্ট লেভানডফস্কির বাদ পড়ে যাওয়া। মৌসুমে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগে ৭ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার, গোলদাতার তালিকায় রোনালদোর পরেই তাঁর অবস্থান। একই কথা প্রযোজ্য তৃতীয় সর্বোচ্চ গোলদাতা জেনিতের আরতিওম জিউবার ক্ষেত্রেও। তবে এই একাদশ নির্বাচনে শুধু গোল-অ্যাসিস্টের সংখ্যার পাশাপাশি ভূমিকা রেখেছে দলের পারফরম্যান্সে খেলোয়াড়ের প্রভাবও। তাইতো, লেভাকে সরিয়ে বায়ার্ন থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন মুলার, তেমনি জেনিতকে গ্রুপ শীর্ষে ওঠানোর অবদানের জন্য জিউবার পরিবর্তে আক্রমণে সুযোগ পেয়েছেন হাল্ক।

এ তো গেল আক্রমণের কথা। মিডফিল্ডেও আছেন তিনজন। লিগে ধুঁকতে থাকা চেলসিকে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ শীর্ষে ওঠানোর পুরস্কার পেয়েছেন উইলিয়ান। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ৫ গোলে ভর করেই তো আরও বড় লজ্জা থেকে বেঁচে গেলেন চেলসি কোচ হোসে মরিনহো। মিডফিল্ডে উইলিয়ানের সঙ্গী ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং ও গেন্টের সভেন কুমস। জুভেন্টাসকে টপকে সিটির গ্রুপ শীর্ষে ওঠার পেছনে স্টার্লিংয়ের ৩ গোল ও এক অ্যাসিস্টের অবদান অনেক। আর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা গেন্টকে শেষ ষোলোতে জায়গা করে দেওয়ার পুরস্কার পেলেন কুমস।
রক্ষণে পিএসজিরই দাপট বেশি। দলটির অধিনায়ক থিয়াগো সিলভা ও গোলরক্ষক কেভিন ট্র্যাপ আছেন সেরা একাদশে। অবশ্য পিএসজির দাপট তো থাকবেই। গ্রুপপর্বে যে মাত্র একবারই বল ঢুকেছে পিএসজির জালে। রক্ষণে অন্য তিনজন হলেন - বায়ার্নের লেফটব্যাক ডেভিড আলাবা, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো গোদিন ও জুভেন্টাস রাইট ব্যাক আন্দ্রেয়া বারজাগলি। তথ্যসূত্র: উয়েফা।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের সেরা একাদশ:
গোলরক্ষক: কেভিন ট্র্যাপ (পিএসজি)
ডিফেন্ডার: থিয়াগো সিলভা (পিএসজি), ডিয়েগো গডিন (অ্যাটলেটিকো), ডেভিড আলবা (বায়ার্ন) ও আন্দ্রেয়া বারজাগলি (জুভেন্টাস)
মিডফিল্ডার: সভেন কুমস (গেন্ট), উইলিয়ান (চেলসি) ও রাহিম স্টারলিং (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: টমাস মুলার (বায়ার্ন), হাল্ক (জেনিত) ও ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল)