সেরা কোচের লড়াইয়ে জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা আর ব্যালন ডি’অর আলাদা হয়ে গেছে গত বছর থেকেই। ওই বছরই ফিফা নতুন করে শুরু করেছে ‘দ্য বেস্ট’ পুরস্কার, যেটির প্রথম সংস্করণেই সেরা পুরুষ কোচ হিসেবে মনোনয়ন পেয়েছিলেন জিনেদিন জিদান। শেষ পর্যন্ত যদিও পুরস্কারটা পাননি রিয়াল মাদ্রিদ কোচ। জিদান ও পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসকে পেছনে ফেলে সেটি জিতে নিয়েছিলেন লেস্টার সিটির তখনকার কোচ ক্লদিও রানিয়েরি। এবারও ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদান।

ফিফার ১২ কোচের সংক্ষিপ্ত তালিকায় জিদান ছাড়াও আছেন জুভেন্টাসের মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, বায়ার্নের কার্লো আনচেলত্তি, বার্সেলোনার লুইস এনরিকে, ম্যান সিটির পেপ গার্দিওলা, মোনাকোর লিওনার্দো জার্দিম, জার্মানির জোয়াকিম লো, ম্যানচেস্টার ইউনাইটেডের হোসে মরিনহো, টটেনহামের মরিসিও পচেত্তিনো, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে ও ব্রাজিলের তিতে।

তাঁদের মধ্য থেকে ফিফা সদস্যদেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও মনোনীত সাংবাদিক এবং ফিফাডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বেছে নেওয়া হবে বিজয়ী। ভোটাভুটি শুরু হবে ২১ আগস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরের মাঝামাঝি প্রকাশ করা হবে সেরা তিনজনের নাম। আর ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

একই প্রক্রিয়ায় বেছে নেওয়া হবে ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ও। যেখানে ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, নেইমার, জিয়ানলুইজি বুফন, পাওলো দিবালা ও আতোঁয়ান গ্রিজমান। ফিফাডটকম।