সেরা খেলোয়াড়ের ট্রফি নেননি মেসি!

আরও একবার ফিরেছেন খালি হাতে। দেশের জার্সি গায়ে বড় কোনো শিরোপা জয়ের স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেল লিওনেল মেসির। এই হতাশা বোধ হয় অভিমানীও করে তুলেছে মেসিকে। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই হতাশা থেকেই কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন মেসি!
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে টুর্নামেন্টের ওয়েবসাইটে অন্যসব পুরস্কারজয়ীর নাম থাকলেও সেরা খেলোয়াড় কে হয়েছেন সেটির উল্লেখ নেই! অথচ ১৯৮৭ সাল থেকে কোপার প্রতিটি আসরেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। আগেরবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
এবার কেন পুরস্কারটি দেওয়া হলো না সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেয়নি কোপার আয়োজক কমিটি। তবে ব্রিটেনের মেইল ও স্পেনের এএসসহ আরও কয়েকটি দৈনিক জানিয়েছে, এবার লিওনেল মেসিকেই এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। তবে আর্জেন্টিনা অধিনায়ক পুরস্কার নিতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্টের কর্মকর্তারা তা মঞ্চ থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন। ইন্টারনেটেও একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে একজন কর্মকর্তা মঞ্চ থেকে ট্রফিটি সরিয়ে ফেলছেন। ধারণা করা হচ্ছে, কোপার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে আর্জেন্টিনার হারে হতাশ মেসি ব্যক্তিগত কোনো পুরস্কার নিতে চাননি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের সঙ্গে ২-২ ড্র করার পর সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন মেসি।
গত বছর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে গেলেও গোল্ডেন বল জেতেন মেসি। সেই পুরস্কারটি অবশ্য তিনি নিয়েছিলেন। তবে আসলেই এলএম-টেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন কি না, সেই বিতর্কও উঠেছে পরে। কে জানে সেই বিতর্ক এড়াতেই এবার কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে অস্বীকৃতি জানালেন কিনা! সেরা খেলোয়াড়ের পুরস্কার না নিলেও কোপার সেরা একাদশে কিন্তু প্রত্যাশিতভাবেই আছেন বার্সেলোনা তারকা। মেইল, এএস।
কোপার সেরা
সর্বোচ্চ গোলদাতা: পাওলো গেরেরো (পেরু), এদুয়ার্দো ভার্গাস (চিলি)
সেরা গোলরক্ষক: ক্লদিও ব্রাভো (চিলি)
সেরা তরুণ খেলোয়াড়: জেইসন মুরিলো (কলম্বিয়া)
ফেয়ার প্লে: পেরু
সেরা একাদশ: ক্লদিও ব্রাভো (চিলি), নিকোলাস ওটামেন্ডি (আর্জেন্টিনা), গ্যারি মেডেল (চিলি), জেইসন মুরিলো (কলম্বিয়া), আর্তুরো ভিদাল (চিলি), মার্সেলো ডিয়াজ (চিলি), হাভিয়ের মাচেরানো (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা), পাওলো গেরেরো (পেরু), এদুয়ার্দো ভার্গাস (চিলি)।