সেরা চারই যখন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে পেপ গার্দিওলার আর কোনো ‘শিরোপা’ জেতার আশা নেই!

ম্যানচেস্টার সিটির লিগ জেতার সুযোগ আর নেই সত্যি। নিজের প্রথম মৌসুমে সিটিকে একে একে লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ, আর সর্বশেষ গত রোববার এফএ কাপ থেকে বাদ পড়তে দেখলেন গার্দিওলা। আট বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো মৌসুম একেবারে শিরোপাহীন কাটছে স্প্যানিশ কোচের। তবে একটা ‘শিরোপা’ জেতার আশা এখনো বেঁচে আছে গার্দিওলার।

হেঁয়ালি লাগছে? সিটির কোচ নিজেই এপ্রিলের গোড়ায় বলেছিলেন, প্রিমিয়ার লিগে সেরা চারে থাকাও একটা শিরোপা জয়ের সমান! এখন এটিই ভরসা সিটির। আর এই ‘শিরোপা’ জয়ের পথে আজ বড় একটা বাধার মুখেই পড়তে হচ্ছে গার্দিওলার দলকে। প্রতিপক্ষ যে ম্যানচেস্টার ইউনাইটেড!

সিটির ডাগআউটে গার্দিওলা, ইউনাইটেডের ডাগআউটে হোসে মরিনহো। মৌসুম শুরু হওয়ার আগেই ‘ম্যানচেস্টার ডার্বি’ এবার ছিল সুপারহিট। কিন্তু মাঠে দুই দল মৌসুম শুরুর আগের রোমাঞ্চ আর ধরে রাখতে পারল কই! দুর্দান্ত শুরু করেও সব হারিয়ে সিটি এখন শুধু চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার জন্য লড়ছে। অন্যদিকে উত্থান-পতন আর ড্র দিয়ে ভরা মৌসুমেও ইউনাইটেড লিগ কাপ জিতে নিয়েছে, উঠে গেছে ইউরোপা লিগের সেমিফাইনালেও। আজ জিতলে লিগে সেরা চারের দৌড়েও সিটির চেয়ে এগিয়ে যাবে। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট সিটির, সমান ম্যাচ খেলে ইউনাইটেড মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

কিন্তু যে ম্যাচটা মর্যাদার বিচারে অন্তত দুই দলের সমর্থকদের কাছে ‘এল ক্লাসিকো’র চেয়েও বেশি, সেখানে পয়েন্টের হিসাব নিয়ে পড়ে থাকে কে! অ্যান্ডার হেরেরাকেই দেখুন। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বললেন, ‘এটা হবে মৌসুমের সেরা ম্যাচ!’ তবে পয়েন্টের হিসাবও মাথা থেকে সরাননি, ‘যদি আমরা জিতি, তাহলে আমাদেরই সেরা চারে থাকার সম্ভাবনা বাড়বে। ওরা জিতলে কাজটা আবার কঠিন হয়ে যাবে। এটাই কী ভাঙাগড়ার ম্যাচ? হয়তো!’

এমনিতেই মরিনহো ও গার্দিওলার লড়াই মানে ট্যাকটিকসের নতুন নতুন পাঠ। এই ম্যাচে তা দেখার আশা আরও বাড়ছে। দুই দলের চোট সমস্যাই এমন, কৌশলে বদল এনে প্রতিপক্ষকে চমকে দেওয়ার চেষ্টা করতেই পারেন সময়ের অন্যতম সেরা দুই কোচ। মরিনহো তো ইব্রাহিমোভিচকে পুরো মৌসুমের জন্যই হারিয়েছেন, আজ পাচ্ছেন না সর্বশেষ ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া পল পগবাকেও। গার্দিওলাকে অবশ্য চিকিৎসক সুখবরই দিয়েছেন, আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়া সার্জিও আগুয়েরো আজ ফিরছেন।

সিটি সমর্থকদের চোখ জ্বলজ্বল করে ওঠার মতো তথ্য আছে আরেকটি—গ্যাব্রিয়েল জেসুসও ফিরছেন এই ম্যাচেই! এএফপি।