সেরা চারের লড়াই শেষ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো শিরোপা নয়, শুধু একটি ম্যাচই জিতেছে ম্যান সিটি। কিন্তু পাবলো জাবালেতাকে সতীর্থরা শূন্যে তুলেছেন কেন? ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্লাবটির বিদায়ী এই আর্জেন্টাইন ডিফেন্ডার l রয়টার্স
কোনো শিরোপা নয়, শুধু একটি ম্যাচই জিতেছে ম্যান সিটি। কিন্তু পাবলো জাবালেতাকে সতীর্থরা শূন্যে তুলেছেন কেন? ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্লাবটির বিদায়ী এই আর্জেন্টাইন ডিফেন্ডার l রয়টার্স

আর্সেন ওয়েঙ্গারের এখন হয়তো মনে হচ্ছে, আর কীই-বা করার ছিল!
১৩ বছর ধরে লিগ শিরোপা অধরা, চ্যাম্পিয়নস লিগেও সর্বশেষ টানা সাত মৌসুম দল বাদ পড়েছে শেষ ষোলোতে। তবু ওয়েঙ্গার মানেই একটা নিশ্চয়তা ছিল আর্সেনালের, আর যা-ই হোক, দল সেরা চারে থেকে মৌসুম শেষ করবেই। কিন্তু এবার সেই ধারাতেও ছেদ পড়তে পারে। আর্সেনালের ডাগআউটে ২১তম বছরে এসে প্রথমবারের মতো সেরা চারে না থাকার শঙ্কায় ওয়েঙ্গার!
শেষ চারে যদি না-ই থাকা হয়, ফ্রেঞ্চ কোচের জন্য সেটি হবে বড় হতাশার। ৭৫ পয়েন্ট নিয়েও কোনো দল সেরা চারে জায়গা পায়নি, এমনটা প্রিমিয়ার লিগের ২৪ বছরের ইতিহাসেই কখনো ঘটেনি!
অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে গত পরশু সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৭২ পয়েন্ট নিয়ে ওয়েঙ্গারের দল আছে পাঁচে। আগামী রোববার এভারটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচে জিতলে পয়েন্ট হবে ৭৫। তবুও নিশ্চিত হবে না সেরা চারে থাকা। প্রতিদ্বন্দ্বী অন্য দুই দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি নিজেদের ম্যাচে জিতলেই আর্সেনালের আশা শেষ। কিন্তু দুই দলের কেউ পা হড়কালে? ওয়েঙ্গার সেই সুযোগের অপেক্ষাতেই আছেন, ‘যদি ১ শতাংশও সম্ভাবনা থাকে, তাহলেও সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে।’
রোববার লিগের শেষ দিনে তাই সেরা চারের লড়াইটাই সবচেয়ে উত্তাপ ছড়াচ্ছে। তবে লড়াইয়ের আগে সিটিই আছে সবচেয়ে বেশি স্বস্তিতে। জেসুস, ডি ব্রুইন ও তোরের গোলে পরশু ওয়েস্ট ব্রমকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে পেপ গার্দিওলার দল (৭৫ পয়েন্ট)। চারে লিভারপুল, তাদের পয়েন্ট ৭৩। শেষ ম্যাচে সিটি ড্র করলেও সেরা চার নিশ্চিত। তবে গার্দিওলার লক্ষ্য আরও ওপরে, ‘আমরা তিনে আছি। লন্ডনে (ওয়াটফোর্ডের মাঠে) জিতে তিনে থেকেই সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলতে চাই।’
পরশু ম্যাচটা সিটি সমর্থকদের জন্য একটু আবেগেরও ছিল। এটিই ছিল সিটির মাঠে ডিফেন্ডার পাবলো জাবালেতার শেষ ম্যাচ! শেষ বাঁশির পরই তাঁকে সমর্থক-সতীর্থরা অভিনন্দন জানিয়েছেন। আবেগময় জাবালেতাও ম্যাচ শেষে বললেন, ‘(যখন এখানে আসছিলাম) আমার বান্ধবীকে, যে কিনা এখন আমার স্ত্রী, বলেছিলাম, চলো ম্যানচেস্টারে যাই। আমার ভালো লাগবে। তিন-চার বছরই তো থাকব। আমাকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, নয় বছর হয়ে গেছে!’ এএফপি।