সেরা রোনালদোই কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে টানা ১১ ম্যাচে গোল করেছেন, লিগের সর্বশেষ ৮ ম্যাচে গোল করেছেন ১৬টি! সবাই যে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশস্তি গাইবে, এই তো স্বাভাবিক। সর্বশেষ এই দলে যোগ দিয়ে যেন অন্যদের ছাড়িয়ে যাচ্ছেন তাঁর জাতীয় দল কোচ ফার্নান্দো সান্তোস। পর্তুগালের কোচ বলেছেন, একের পর এক রেকর্ড ভাঙার আকাঙ্ক্ষা নাকি রোনালদোর ডিএনএতেই আছে!
সত্যিকার অর্থেই রোনালদোর সময় এখন তুঙ্গে। ২০১৩-১৪ মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য স্প্যানিশ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, বগলদাবা করেছেন সেরা স্ট্রাইকার ও সেরা গোলের পুরস্কারও। লিগজয়ী অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো খেলোয়াড় পুরস্কার পাননি। এটাই তুলে দিয়েছে একটা প্রশ্ন। এর মধ্যেই স্প্যানিশ লিগের সভাপতির একটি বক্তব্য তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।
স্প্যানিশ লিগের (এলএফপি) সভাপতি হাভিয়ের তেভাস মনে করেন ভোটের পদ্ধতি অন্য রকম হলে রোনালদো সেরা খেলোয়াড়ের পুরস্কার নাও পেতে পারতেন, ‘আমি নিশ্চিত এবং এটা আমার মতামত, যদি উন্মুক্ত ভোট হতো তাহলে ক্রিস্টিয়ানো পুরস্কার পেত না।’ তেভাস কথাচ্ছলে বলেছিলেন রেফারি থেকে সাংবাদিক বনে যাওয়া ইগনাসিও হার্নান্দেজ হিনোজোসাকে। কিন্তু এটি যে গণমাধ্যমে চলে আসবে, তিনি ভাবতে পারেননি! গোলডটকম, ওয়ার্ল্ড সকার।