
টাইব্রেকারে মেরাজ হোসেনের শটটি জালে জড়াতেই মীমাংসা হয়ে গেল ম্যাচের। উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) খেলোয়াড়েরা। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানকে ততক্ষণে কাঁধে তুলে নাচতে শুরু করে দিয়েছেন ফুটবলাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মঞ্চের পাশের শব্দযন্ত্রে উচ্চগ্রামে বাজছে, ‘উই আর দ্য চ্যাম্পিয়ন...’।
প্রায় ১০ বছর পর মাঠে গড়ানো জাতীয় যুব ফুটবলে আবারও চ্যাম্পিয়ন বিকেএসপি। সর্বশেষ সাতক্ষীরায় হওয়া যুব ফুটবলেও চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশের একমাত্র ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফাইনালে টাইব্রেকারে বিকেএসপি ৪-২ গোলে হারিয়েছে ঢাকা জেলাকে। নির্ধারিত সময়ের খেলা ড্র ছিল ১-১ গোলে। বিকেএসপির টাইব্রেকারের ‘লটারি’ ভাগ্যটা বেশ ভালোই। সেমিফাইনালেও টাইব্রেকারে জিতেছিল তারা সিলেটের বিপক্ষে।
সারা বছর অনুশীলন এবং সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়া দলটির চ্যাম্পিয়ন হওয়াটাই স্বাভাবিক। বিকেএসপি চ্যাম্পিয়ন না হলেই বরং অবাক হতেন অনেকে। এই দলে রয়েছেন বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা অভিজ্ঞ খেলোয়াড়েরা। গত ডিসেম্বরে মালয়েশিয়ায় সুপার মক কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে খেলেছেন এই দলটির ডিফেন্ডার সাইফুল ইসলাম, মিডফিল্ডার ফাহিম মোরশেদ, রাশেদুল আলম, রেজাউর কবির ও গোলরক্ষক শান্ত রায়। সিলেটে সর্বশেষ অনূর্ধ্ব-১৬ সাফের চ্যাম্পিয়ন দলে খেলেছেন মেরাজ হোসেন। এই টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব ও চূড়ান্ত পর্ব মিলিয়ে ১৩টি গোল করেছেন গাজীপুরের তরুণ ফরোয়ার্ড।
অন্যদিকে ঢাকা জেলা দলের কোনো অনুশীলন সুবিধা নেই। নেই স্থায়ী কোনো কোচ! এই দলের কোচের দায়িত্ব পালন করা আবুল হোসেন একই সঙ্গে সিনিয়র ডিভিশন লিগের দল বাসাবো তরুণ সংঘেরও কোচ! কাল ফাইনালেই আসেননি আবুল হোসেন, বাসাবোকে নিয়ে কমলাপুর স্টেডিয়ামে গিয়েছিলেন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ খেলতে! ম্যানেজার আরিফ হোসেন পালন করেছেন কোচেরও দায়িত্ব।
অথচ প্রথমে গোল করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ঢাকাই! ম্যাচের ৫৩ মিনিটে কর্নার কিকের বলে মাথা ছুঁয়ে দুর্দান্ত এক গোল করেন রায়হান। গোল শোধে মরিয়া বিকেএসপি ৬৬ মিনিটে জয়নাল আবেদীনের গোলে সমতা ফেরায় ম্যাচে। অবশ্য এই গোলের পেছনে ঢাকার খর্বাকৃতির গোলরক্ষক শাহীন সরদারেরও কিছুটা দায় আছে! শাহীনকে উঠিয়ে পরে ইমন হাওলাদারকে নামিয়েও শেষ রক্ষা করতে পারেনি ঢাকা। অতিরিক্ত সময়েও দুই দলের কেউ গোল করতে পারেনি। বিকেএসপি শেষ পর্যন্ত জেতে টাইব্রেকারে (৪-২)। ঢাকার ইমন মোল্লার শট সাইডপোস্টে লাগে, ইসমাইল শট উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে।
ম্যাচ শেষে ভীষণ উচ্ছ্বসিত বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ান, ‘ম্যাচ জেতার ব্যাপারে আমি শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম। পিছিয়ে পড়ার পর ছেলেদের বলেছিলাম, যেভাবেই হোক গোল করতে হবে। প্রতিষ্ঠানের মান-সম্মান রাখতে হবে। কখনোই মনে হয়নি যে ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে।’
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিকেএসপির মেরাজ হোসেন, চূড়ান্ত পর্বে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ঢাকার সাইফ শাহরিয়ার। ম্যাচসেরা বিকেএসপির গোলরক্ষক শান্ত কুমার।