থিম্পুর রাস্তায় মুখে হাসি নিয়ে হাঁটছেন। কথা বলছেন। তাঁর চলন-বলনে চিন্তার কোনো ছাপ নেই। মনেই হচ্ছে না আগামীকাল ভুটানের সঙ্গে অগ্নিপরীক্ষায় নামবে বাংলাদেশ। থিম্পু থেকে বরং ভিডিও বার্তায় টম সেন্টফিটকে বলতে শোনা গেল, ‘সব ঠিকঠাক আছে। দলে কোনো চোট-সমস্যা নেই। আমরা ম্যাচের জন্য তৈরি। আশা করি, ভালো কিছুই হবে।’
সেই ‘ভালো কিছু’র খোঁজে কাল হোটেলের পাশে পাহাড়ের অলিগলিতে এক ঘণ্টা হেঁটেছে বাংলােদশ দল। এটা ফিটনেস অনুশীলনের অংশ। সন্ধ্যায় অনুশীলন ছিল মূল ভেন্যুতে। সেই অনুশীলন শেষে আত্মবিশ্বাসী দেখাল বাংলাদেশ কোচকে, ‘এখানে ঠান্ডা অনেক। তবে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সবই আমরা করছি। মাঠে এখন সেরাটা ঢেলে দেওয়ার পালা।’
সেরাটা যাঁরা দেবেন, সেই ফুটবলাররা নিরাশ করতে চান না কোচকে। ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম রানার মুখে প্রতিশ্রুতি, নিজেদের ১০০ ভাগ মাঠে দেবেন। আর সেটা দিতে পারলে ম্যাচ জয়ের ব্যাপারেও আশাবাদী এই গোলরক্ষক, ‘জয়ের জন্য কী করণীয়, তা আমরা জানি। মাঠে এর প্রয়োগ ঠিকঠাক করতে চাই।’
যেহেতু স্কোরলাইনে অঙ্ক বসিয়ে ড্র করলেই এশিয়ান কাপের বাছাইপর্বে চলে যাবে বাংলাদেশ, তাই গোল করার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই কাজটা করার জন্য কোচ হয়তো বা মাঠে নামিয়ে দিতে পারেন অভিজ্ঞ এমিলিকে। এক বছর চোটের কারণে বাইরে থাকা এই স্ট্রাইকারও আশার কথা শোনাচ্ছেন।
এই ম্যাচ বাংলাদেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এমিলি সেটি জানেন, ‘আমরা এখানে দুই দিন ভালো অনুশীলন করছি। সবাই মুখিয়ে আছে মাঠে ভালো পারফর্ম করতে। সেটা আমরা করতে পারলে জিতেই দেশে ফিরব, এই আত্মবিশ্বাস আছে।’
তবে মুখে নয়, মাঠে করে দেখানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ফুটবলাররা সাম্প্রতিক সময়ে শুধু মুখেই বেশি বলেছেন, মাঠে এর প্রতিফলন ছিল না। তাই ভুটান-চ্যালেঞ্জ পেরোতে আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশেও একই সময়) শুরু ম্যাচে এমিলিদের পায়ে ভালো ফুটবল দেখতে উদ্গ্রীব দেশের ফুটবল অঙ্গন।