সেরাদের সেরা
নরবার্তো ‘টুচো’ মেন্দেজ
টুচো লোকটাকে মনে মনে ঈর্ষাই করার কথা লিওনেল মেসির। আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক যেখানে জাতীয় দলে ১০৭ ম্যাচ খেলেও এখনো একটা শিরোপার অভাব ঘোচাতে পারলেন না, টুচো মাত্র ৩৩ ম্যাচ খেলেই জিতেছিলেন তিনটি কোপা আমেরিকা! গড়ে ১১ ম্যাচে একটি শিরোপা! শুধু কি শিরোপা, কোপা আমেরিকার ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। যেখানে তাঁর সঙ্গী ব্রাজিলের জিজিনহো।
টুচোর পুরো নাম নরবার্তো দোরোতেও মেন্দেজ। ছিলেন ইনসাইড ফরোয়ার্ড। ১৯৪১ সালে অ্যাটলেটিকো হুরাকানের হয়ে ক্যারিয়ার শুরু, সাত বছর পর যান রেসিং ক্লাবে। সেখানেও সাত বছর, এরপর তিগ্রে হয়ে ক্যারিয়ারের শেষ নিজের শহর বুয়েনস এইরেসের ক্লাব হুরাকানে ফিরে। নিজেই একবার বলেছিলেন, জীবনে তাঁর ভালোবাসা তিনটি—হুরাকান ছিল বান্ধবী, রেসিং স্ত্রী, আর আর্জেন্টিনা জাতীয় দল ভালো লাগা।
জিজিনহো

জিজিনহো (পুরো নাম টমাস সোয়ারেজ দা সিলভা) কোপা আমেরিকা জিতেছেন চারবার। কিন্তু এই সাফল্য ছাপিয়ে তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় দাগ ফেলে গেছে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় হতাশা—মারকানাজো। ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন এই ফরোয়ার্ড, দুই গোলও করেছিলেন। অবশ্য ১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপেও ব্রাজিল শেষ মুহূর্তে দলে ডেকেছিল জিজিনহোকে। কিন্তু তাঁকে দলে নিতে অন্য কাউকে বাদ দেওয়া হবে, এটা মানতে পারেননি। জিজিনহো কেমন খেলোয়াড় ছিলেন, সেটি বুঝে নিতে পারেন পেলের কথা থেকে, ‘তিনি ছিলেন পরিপূর্ণ এক খেলোয়াড়। মিডফিল্ডে খেলতে পারতেন, আক্রমণেও। গোল করতেন, অন্য খেলোয়াড়কে মার্কও করতেন, হেড-ক্রস সবই পারতেন।’
ব্যর্থতার হ্যাটট্রিক

গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদাহরণ তো অনেক আছে। কিন্তু পেনাল্টি মিস করে এমন ‘অর্জন’ কজনের আছে? মার্টিন পালের্মো প্রশ্নটা শুনে মুচকি হাসতে পারেন।
আর্জেন্টিনায় এমনিতে ‘এল লোকো’র অভাব নেই। আদর করে যে কাউকেই ‘পাগল’ উপাধি দিয়ে দেওয়া হয়। ডজন খানেক ফুটবলারও পাওয়া যাবে এই ডাকনামে। তবে পালের্মোর মতো করে ফুটবল মাঠে এই নামকরণের সার্থকতা কে দেখাতে পেরেছেন! ১৯৯৯ কোপা আমেরিকায় তাঁর কাণ্ডটাই দেখুন। গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে টানা তিনটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা, তিনটিই নিয়েছিলেন এই স্ট্রাইকার। গোল করতে পারেননি। পেনাল্টি মিসের হ্যাটট্রিক!
কোপা বলিভিয়া
চ্যাম্পিয়নরা পান কোপা আমেরিকা, কিন্তু দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল-শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় রানার্সআপদের দেওয়া হয় কোপা বলিভিয়া।
অপেক্ষা
কোপা আমেরিকায় ১৬ বার অংশ নিয়ে গত আসরেই প্রথম ম্যাচে জিতেছে ভেনেজুয়েলা।