সেলেসাওদের শুভাকাঙ্ক্ষী কাফু
তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলা ইতিহাসের একমাত্র খেলোয়াড়, বিশ্বকাপজয়ী সর্বশেষ ব্রাজিল অধিনায়ক। আর সেই কাফুকেই কি না ঢুকতে দেওয়া হয়নি ব্রাজিল ড্রেসিংরুমে! সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর উত্তরসূরিদের সান্ত্বনা দেওয়ার জন্য ব্রাজিলের ড্রেসিংরুমে গিয়েছিলেন কাফু। কিন্তু ব্রাজিলের ফুটবল কনফেডারেশনসের সভাপতি হোসে মারিয়া মারিন তাঁকে ‘আগন্তুক’ বলে তাড়িয়ে দিয়েছিলেন। অন্য কেউ হলে হয়তো অভিমানে আর সম্পর্কই রাখতেন না ব্রাজিল দলের সঙ্গে। কিন্তু কাফু প্রমাণ করলেন খেলোয়াড় হিসেবে তিনি যেমন বড় ছিলেন মনটাও তাঁর তেমনি বড়। ওই অপমান ভুলে গিয়ে ব্রাজিল দলকে যেকোনো সময় সাহায্য করতে প্রস্তুত তিনি। পরশু রেডিও ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সভাপতি মারিনের ওপর আমার কোনো ক্ষোভ নেই। আমি সব সময় ব্রাজিল দলের ভালো চাই। যদি সুযোগ আসে সাহায্য করতে চাই। আর যদি সুযোগ না আসে তাতেও সমস্যা নেই। ব্রাজিলের জন্য আমার শুভকামনা সব সময়ই থাকবে।’ নতুন কোচ কার্লোস দুঙ্গা কি সেই সাহায্য চাইবেন কাফুর কাছে? আইএএনএস।