সেল্টা ভিগো-বার্সেলোনা ম্যাচের হাইলাইটস দেখুন এখানে

>লা লিগায় কাল সেল্টা ভিগোর কাছে ০-২ গোলে হেরেছে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা
লিওনেল মেসি, লুই সুয়ারেজ, জেরার্ড পিকে, জর্ডি আলবা, সার্জিও রবার্তোদের বিশ্রাম দিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে। নিষেধাজ্ঞার জন্য ছিলেন না সার্জিও আর ইভান রাকিতিচও। বয়সভিত্তিক (বি) দল থেকে তিন খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন ভালভার্দে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগের খেলা থাকায় কাল সেল্টা ভিগোর বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ এসব খেলোয়াড়দের বিশ্রাম দেন বার্সার এ কোচ। পরিণতি ভালো হয়নি। সেল্টার মাঠে ২-০ গোলে হেরেছে বার্সা। এ নিয়ে টানা চতুর্থ মৌসুম সেল্টা মাঠে জিততে পারল না কাতালান ক্লাবটি।
২০০৯ সালে বার্সার বয়সভিত্তিক দলে যোগ দেওয়া অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স কোলাডোকে বেঞ্চ থেকে মাঠে নামান ভালভার্দে। ওউসমানে ডেম্বেলে চোট পাওয়ায় তাঁর জায়গায় খেলেন ২০ বছর বয়সী এই স্প্যানিশ। এ ছাড়া চলতি মৌসুমে লিগে বার্সার হয়ে এর আগে মাত্র একবার মাঠে নামা মিডফিল্ডার রিকি পুইগকেও খেলান ভালভার্দে। দ্বিতীয়ার্ধে গোমেজ ও ইগো আসপাসের গোলে জয় তুলে নেয় সেল্টা। লিগ শিরোপা আগেই নিশ্চিত করা বার্সা ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। তাদের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।