সেল্টাকে উড়িয়ে পিএসজির অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস এনরিকের বিদায়ের ঘোষণাটাই কি বার্সেলোনাকে তাতিয়ে দিল!

বুধবার স্পোর্টিং গিজনের সঙ্গে ৬-১ গোলে জয়ের পর বার্সেলোনা কোচ জানিয়ে দিয়েছিলেন, মৌসুম শেষে আর থাকছেন না। সেটিই কি মেসি-নেইমারদের কোচের জন্য বাড়তি কিছু করতে অনুপ্রেরণা দিয়েছে? এমনই যে, মৌসুমে তর্ক সাপেক্ষে নিজেদের সেরা খেলাটাই পরশু খেলল বার্সা, সেল্টা ভিগোকে উড়িয়ে দিল ৫-০ গোলে।

বড় জয়ের পরও রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান থাকল আগের মতোই—এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে বার্সা। পরশু আগের ম্যাচে রোনালদো-বেলহীন রিয়ালও যে পেয়েছে বড় জয়। করিম বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এইবারের মাঠে জিতেছে ৪-১ গোলে।

বার্সার জন্য অবশ্য পরশুর ৫-০ জয়ের প্রভাব ৩ পয়েন্টের চেয়েও বেশি কিছু। এটিই জাগিয়ে তুলেছে আরেকটি ৫-০ গোলে জয়ের আশা। দুই দিন পরই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে ন্যু ক্যাম্পে আসছে প্যারিস সেন্ট-জার্মেই। প্রথম লেগে যারা বার্সাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে! ব্যবধানটা ঘোচানো প্রায় অসম্ভব, কিন্তু বার্সেলোনা সমর্থকেরা এত সহজে হার মানবেন কেন? পরশু ন্যু ক্যাম্পে ম্যাচের শেষ দিকে গ্যালারিতে সমর্থকদের হাতের ব্যানারে লেখা ছিল, ‘আমরা ব্যবধানটা ঘুচিয়ে দেব।’ মুখেও কোরাস তুলেছে, ‘অবশ্যই আমরা পারব!’

ম্যাচ শেষে লুইস এনরিকের সংবাদ সম্মেলনেও থাকল যেটির অনুরণন, ‘কোনো সন্দেহ নেই, গত কয়েক মাসে এটিই আমাদের সেরা পারফরম্যান্স। খুব কঠিন একটা ম্যাচের (পিএসজি) আগে সেরা ফর্মেই আছি আমরা, ওটা আমরা এখনো হারিনি।’

এনরিকেকে অসম্ভবকে সম্ভব করার আশা দেখাচ্ছে মেসি-নেইমারসহ পুরো দলের পারফরম্যান্স। লিওনেল মেসির পারফরম্যান্স বর্ণনায় ‘দুর্দান্ত’ শব্দটাও হয়তো কম মনে হবে। বরং বলা ভালো, মেসি খেলেছেন ‘তরুণ মেসি’র মতো। দলের প্রথম ও পঞ্চম দুটি গোলই আর্জেন্টাইন ফরোয়ার্ডের, দুটিই সেল্টা ভিগোর দুই-তিন ডিফেন্ডারকে ঘোল খাইয়ে। সরাসরি সহায়তা করেছেন দুটি গোলেও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ৩৮ গোল হলো মেসির, সঙ্গে ‘অ্যাসিস্ট’ ১৩টি। মৌসুমে বার্সার মোট ১২২ গোলের ৪২.৮০ শতাংশতেই তাঁর অবদান! দুর্দান্ত খেলেছেন নেইমারও। নিচে নেমে রক্ষণে সাহায্য করেছেন, মেসির পাস থেকে দুর্দান্ত চিপে করেছেন দলের দ্বিতীয় গোলটিও। অন্য দুটি গোল ইভান রাকিটিচ ও স্যামুয়েল উমতিতির।

সব মিলিয়েই কোচ এনরিকের তৃপ্তি, ‘পূর্ণাঙ্গ একটা পারফরম্যান্স ছিল। সবাই জ্বলে উঠেছে, সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে খেলেছে।’ তারপরই আবার ফিরলেন পিএসজি-প্রসঙ্গে, ‘পিএসজি ম্যাচটা কোনোভাবেই আজকের ম্যাচের মতো হবে না। কারণ দুটি দল আলাদা। তবে আত্মবিশ্বাস সেই ম্যাচে অনেক বড় ব্যাপার হবে। আমাদের জেতার সম্ভাবনা নেই বলেই মনে হতে পারে, তবে যদি সবকিছু ঠিকভাবে করতে পারি, তাহলে কে জানে কী হবে!’

কী হবে, তা নিয়ে সংশয়ে উনাই এমেরিও। এনরিকের বিদায়ের ঘোষণা, সর্বশেষ দুই ম্যাচে বার্সার ১১ গোল—সব মিলিয়ে পিএসজি কোচ সতর্ক, ‘সম্ভবত ওরা এখন আরও ভয়ংকর হয়ে উঠবে। প্রথম লেগের ব্যবধান ঘোচাতে অনেক খাটতে হবে ওদের, তবে সেটি করার মতো সামর্থ্য ওদের আছে।’ এএফপি, গোলডটকম।