সেল্টার বিপক্ষে খেলছেন মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

একটু রহস্যময়ই ছিল চোটটা। এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু বুট পরলেই ডান পায়ের পাতায় ব্যথা পাচ্ছিলেন। আর্জেন্টিনার হয়ে এল সালভাদর আর ইকুয়েডরের ম্যাচে তো নামতেই পারলেন না। তবে বার্সেলোনার জন্য আশার খবর, ব্যথাটা কমতে শুরু করেছে মেসির। গতকাল সকালে দলের সঙ্গে অনুশীলনও করেছেন। পরশু সেল্টা ভিগোর সঙ্গে মেসি নামবেন বলে আশাবাদী বার্সেলোনা।
কাল বার্সেলোনা তাদের ক্লাব ওয়েবসাইটেই জানিয়েছে, ‘দুজন আর্জেন্টাইন (মেসি ও মাচেরানো) অনুশীলনে হালকা দৌড়ঝাঁপ শুরু করেছে। মেসির ডান পায়ের ব্যথা কমেছে। আগামীকাল (আজ) থেকে দলের বাকিদের সঙ্গে তিনি যোগ দেবেন।’
মেসি যে সেরে উঠছেন, সেটা অবশ্য পরশুই জানিয়েছিলেন জেরার্ড পিকে, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। ওকে নিয়ে আমি আশাবাদী। আমার মনে হয় ব্যালাইডসে (সেল্টার স্টেডিয়াম) সে খেলতে পারবে। দিন শেষে এটা নির্ভর করছে বাকি সপ্তাহটা কেমন যায় সেটির ওপর। সিদ্ধান্তটা চিকিৎসকেরাই নেবেন। তবে আমার মনে হচ্ছে সে খেলবে।’
এ মুহূর্তে বার্সেলোনা মেসিকে খুব করেই চাইছে। এল ক্লাসিকোকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেছে ৪ পয়েন্টে, লিগের বাকি আর ১০ ম্যাচ। একটা ম্যাচে পয়েন্ট হারালেই তাই পিছিয়ে পড়তে পারে শিরোপা-দৌড়ে।
লুইস এনরিকের কাছে আবার সেল্টা ভিগোর ম্যাচটা একটু আলাদা। সেটি সেল্টা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী দল বলেই শুধু নয়, গত মৌসুমে সেল্টার দায়িত্ব ছেড়ে এসেছেন ন্যু ক্যাম্পে। ব্যালাইডসের হাজারো স্মৃতি নিশ্চিতভাবেই ফিরে আসবে, সেল্টাকে তো গত মৌসুমে লিগের নয়ে তুলে এনেছিলেন। এনরিকের রেখে যাওয়া দলটা খুব খারাপও করছে না, এ মুহূর্তে লিগে আছে ১০ নম্বরে। গত নভেম্বরে ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে হারিয়েই দিয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ড্র করে এসেছে অ্যাটলেটিকোর সঙ্গে। সুতরাং সেল্টার বিপক্ষে ম্যাচে মেসিকে তো বার্সা চাইবেই। এএফপি, গোলডটকম।