সেল্টিকের ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলফলকটা কড়া নাড়ছিল সেল্টিকের দরজায়। শততম ট্রফির মাইলফলক। পরশু স্কটিশ লিগ কাপের ফাইনালে অ্যাবারডিনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা-শতক পুরো করে ফেলল স্কটিশ ফুটবলের পরাশক্তিরা। স্কটিশ লিগ (৪৭), স্কটিশ কাপ (৩৬), স্কটিশ লিগ কাপ (১৬) ও ইউরোপিয়ান কাপ (১) মিলিয়ে ১০০ ট্রফি জিতল ১২৮ বছরের পুরোনো সেল্টিক। সেল্টিকের চিরপ্রতিদ্বন্দ্বী গ্লাসগো রেঞ্জার্স অবশ্য আগেই ট্রফি জয়ের সেঞ্চুরি পেয়ে গেছে। সবচেয়ে বেশি লিগ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক ক্লাবটি বড় শিরোপা জিতেছে ১১৫টি।

পরশুর শিরোপাটি সেল্টিকের কোচ হিসেবে ব্রেন্ডন রজার্সের প্রথম। গত মেতে সেল্টিকে যোগ দেওয়া সাবেক লিভারপুল কোচ অবশ্য ক্লাবের ঐতিহ্যের গানই গাইলেন, ‘এটা বিজয়ীদের ক্লাব। এই গ্রেট ক্লাবটির ইতিহাস এই সাফল্যকে ভিত্তি করেই লেখা। আমাদের এখন পরের শিরোপাটায় চোখ রাখতে হবে। আর শুরু করতে হবে পরের সেঞ্চুরির অভিযান।’ এএফপি।