সোনার বুটের রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারটা তো নিশ্চিত করেছেন আগেই। কাল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যখন তা হাতে নিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে ছিলেন তাঁর কাছের মানুষেরাই। মা, ছেলে ও ভাই উপস্থিত সিআর সেভেনের রেকর্ড চতুর্থবার গোল্ডেন বুট প্রাপ্তির অনুষ্ঠানে। গত মৌসুমে ইউরোপের লিগে সবচেয়ে বেশি গোল (৩৫ ম্যাচে ৪৮) করার স্বীকৃতি এই পুরস্কার। যেটি হাতে নেওয়ার পর প্রতিক্রিয়ায় সেই চির অতৃপ্ত রোনালদো—‘এটা বিশেষ একটা মুহূর্ত। আমি জানি, একমাত্র আমিই চারটি বুট জিতেছি, তবে আমি আরও চাই, পঞ্চমটি জিততে চাই, সম্ভব হলে ষষ্ঠটি।’ গোল্ডেন বুট প্রথম জিতেছিলেন ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১১ ও ২০১৪ সালের পর জিতলেন আবারও। লিওনেল মেসি জিতেছেন তিনবার—২০১০, ২০১২ ও ২০১৩ সালে। এএফপি।