সৈকতে নোঙর মুক্তিযোদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা দলের এই আক্রমণ শেখ জামাল গোলরক্ষক হিমেল রুখে দিলেও শেষ রক্ষা হয়নি। ০-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা l বাফুফে
মুক্তিযোদ্ধা দলের এই আক্রমণ শেখ জামাল গোলরক্ষক হিমেল রুখে দিলেও শেষ রক্ষা হয়নি। ০-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা l বাফুফে

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ড্রেসিংরুমে আনন্দের বন্যা। বলবয়দের একজন মিষ্টির প্যাকেট খুলে ফুটবলারদের সামনে ধরছেন। ততক্ষণে তালি বাজিয়ে গান ধরেছেন ফুটবলাররা। ভুল করে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামের ড্রেসিংরুমে ঢুকলে কেউ ভাবতে পারেন, বুঝি শিরোপা জিতেছে মুক্তিযোদ্ধা!

ব্যাপারটা মোটেও তা নয়, গোপালগঞ্জে লিগের দ্বিতীয় পর্বে কাল মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী শেখ জামালকে। ফুটবলারদের উদ্‌যাপনটা রঙিন হলো এতেই। ম্যাচের একমাত্র গোলটি করেছেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সৈকত ভৌমিক।

সাধারণত রক্ষণভাগেই খেলেন সৈকত। কিন্তু আবাহনীতে খেলার সময় দুই বিদেশি কোচ আলী আকবর পোরমুসলিমি ও আরদেশির পোরনেমাত তাঁকে খেলাতেন একাধিক পজিশনে। পুরোনো কোচদের পথেই কাল হাঁটলেন মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টু। দলের প্রয়োজনে ডিফেন্ডার সৈকতকে খেলালেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তা কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন সৈকত।

দিনটা অন্যদের চেয়ে একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে সৈকতের কাছে। এবারের লিগে কালই যে প্রথম একাদশে সুযোগ আর সেটির শতভাগ সদ্ব্যবহার করেছেন ফেনীর তরুণ। এর আগে প্রথম পর্বে চার ম্যাচেই খেলেছিলেন বদলি হিসেবে। হাঁটুর চোট এরপর আর তাঁকে খেলতে দেয়নি। ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে তবেই দলে ফেরেন। কিন্তু এত দিন কোচ সুযোগই দেননি। পুরো ফিট সৈকত কাল শুধু খেললেনই না, কোচের মানও বাঁচালেন।

‘গোলমেশিন’ ওয়েডসন ক্লাব ছেড়ে যাওয়ার পর থেকেই ধুঁকছে শেখ জামাল। সর্বশেষ পাঁচ ম্যাচে দুই হার ও একটি ড্র। কাল এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং দারবোয়েকেও আনফিট দেখাল। ম্যাচ শেষে কোচ জসিমউদ্দিন জোসিও মানলেন, ‘খেলার মতো শতভাগ ফিট নয় এ দুজন। কিন্তু ওরা ছাড়া কোনো বিকল্পও আমার হাতে নেই।’

প্রথম দশ মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ জামাল। গোটা তিনেক গোলের সুযোগও পেয়েছিল তারা। কিন্তু মাইক ওতোজারেরি, ল্যান্ডিং, ডার্লিংটন সমানে সুযোগ নষ্ট করলেন! ২৫ মিনিটে সৈকতের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মাঝমাঠ থেকে সোহেল রানার চিপ দারুণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে সৈকত মুহূর্তেই দুই ডিফেন্ডারকে কাটিয়ে করেন চমৎকার গোল (১-০)। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ছিল শেখ জামাল। কিন্তু সময় যতই গড়িয়েছে, সমর্থকদের হতাশ করেছে চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মুক্তিযোদ্ধার জয়ের নায়ক সৈকতের কণ্ঠে উচ্ছ্বাস, ‘কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছি বলেই ভালো লাগছে।’ চট্টগ্রামে সর্বশেষ ম্যাচে শেখ রাসেলের কাছে ২-০ গোলে পরাজিত মুক্তিযোদ্ধা আবারও জয়ের ধারায় ফিরল শেখ জামালকে হারিয়ে। এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে উঠল মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে শেখ জামাল।

আজকের খেলা: চট্টগ্রাম আবাহনী-আরামবাগ (বিকেল ৩টা, গোপালগঞ্জ)।