সৈকতের গোলে জিতল মুক্তিযোদ্ধা
কালকের মতো আজও শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ছিল দর্শকের ভিড়। এর আগে দু দুবার মুক্তিযোদ্ধার হোম ভেন্যু হওয়ার জন্যই কিনা সমর্থকদের উল্লাসটাও ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ ভুভুজেলা আর বাঁশি বাজিয়ে আনন্দ করেছেন তাঁরা গ্যালারিতে। তা ম্যাচ শেষেও আনন্দ নিয়েই বাড়ি ফিরেছেন গোপালগঞ্জের দর্শকেরা। আজ দ্বিতীয় পর্বের ম্যাচে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী শেখ জামালকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সৈকত ভৌমিক।
চট্টগ্রামে সর্বশেষ ম্যাচে শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরেছে মুক্তিযোদ্ধা। শেখ জামালকে হারিয়ে আবারও জয়ে ফিরল দলটি। এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে উঠল মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনেই রইল শেখ জামাল।
ম্যাচের প্রথম দশ মিনিট গোটা তিনেক গোলের সুযোগ পেয়েছিল শেখ জামাল। কিন্তু মাইক ওতোজারেরি, ল্যান্ডিং দারবোয়ে, এমেকা ডার্লিংটন অনেক সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মাঝমাঠ থেকে সোহেল রানার চিপ নিজের নিয়ন্ত্রণে নিয়ে সৈকত মুহূর্তেই দুই ডিফেন্ডারকে কাটিয়ে করেন চমৎকার গোল। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ছিল শেখ জামাল। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই সমর্থকদের হতাশ করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।