সোচি সৈকতে আরেক রুশ ঢেউ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া কি জন্ম দিতে পারবে এমন আরেক অঘটনের। ছবি: রয়টার্স
রাশিয়া কি জন্ম দিতে পারবে এমন আরেক অঘটনের। ছবি: রয়টার্স

কাজানের কাবান লেকের ধারের হোটেলগুলোতে আগের রাত থেকে লাল-নীল বাতি জ্বলছে। আলোকসজ্জার বাহার। দিনের আলোয় লুকিয়ে থাকা আলো সন্ধ্যায় আবার জ্বলবে। 

আলোকসজ্জা দুটি কারণে। এক, ব্রাজিল-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে কাজানের ২০১৮ বিশ্বকাপ আয়োজনকে উদ্‌যাপন করা। দুই, আজ সোচিতে রাশিয়ার জয়ের জন্য শুভকামনা। কৃষ্ণসাগরের তীরে শেষ আটে ক্রোয়েশিয়ার মুখোমুখি রাশিয়া।
শুধু কাজান কেন, মস্কো থেকে কয়েকজন প্রবাসী বাংলাদেশির ফোনে জানা গেল, সেখানেও অনেক বাড়ি সেজেছে আলোকমালায়। বাড়ির ছাদে ব্যতিক্রমীভাবে উঠেছে রাশিয়ার পতাকা। ব্যক্তিগত গাড়িতেও উড়ছে ছোট আকারের পতাকা।

ছবিটা বোধ করি শুধু কাজান বা মস্কোর নয়, ৬৬ লাখ বর্গমাইলের বেশি বিস্তৃত পৃথিবীর বৃহত্তম দেশটির সব শহরের। সোভিয়েত সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর বিশ্বকাপ ফুটবলে গৌরবের এমন পতাকা তো আর ওড়াতে পারেনি রাশিয়া। সোচিতে যদি ক্রোয়েশিয়ার বিপক্ষেও জয়ের পতাকা ওড়াতে পারে চেরচেশভের দল, সে হবে অনন্য ব্যাপার। ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল লেভ ইয়াশিনের সোভিয়েত ইউনিয়ন। অর্ধশতাব্দীর বেশি পরে সোভিয়েতের উত্তরাধিকার বয়ে আবার সেমিফাইনালে যাবে রাশিয়া।

সবচেয়ে বেশি ফিফা র‍্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপের আয়োজক দেশটির সেই সম্ভাবনা কতটা? এ কথা রুশদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন, মোটেই নেই। তবে কাজানের প্রধানতম নাগরিক মিলনস্থল বাউমান স্ট্রিটে যান, কাজান অ্যারেনায় যান, দেখতে পাবেন (আসলে বুঝতে পারবেন) ব্রাজিল-বেলজিয়াম ম্যাচ নিয়ে আগ্রহ কম, ভেতরে ভেতরে রাশিয়াই আকাঙ্ক্ষাগুলোর লাল গোলাপের সুরভি। সবার মন প্রায় ২০০০ কিলোমিটার দূরের সোচিতে। দেহভাষায় সবচেয়ে কাঙ্ক্ষিত সম্ভাবনার পুলক জাগছে, কিন্তু তা মুখে ফুটছে না।

অনেকটাই ভাবলেশহীন প্রতিক্রিয়ার মধ্যে এই বিশ্বকাপে রুশ জনতা যেটুকু জেগেছে, সেটাই অভূতপূর্ব। মিডফিল্ডার রোমান জোবিনিন স্থানীয় কাগজে বলেছেন, ‘আমরা তো মাঠে খেলেছি সমর্থকদের জোরে। এত দূর আসার পেছনে সমর্থকদের অবদান শতকরা ৯৫ ভাগ।’ অবাক ঠেকতে পারে অনেকের কাছে। তবে সমর্থনের শক্তিকে আপনি অবজ্ঞা করতে পারেন না। ২০০২ বিশ্বকাপে, যেমনটা বলা হয়, সমর্থনের বিশাল স্রোতই দক্ষিণ কোরিয়াকে তুলে দিয়েছিল সেমিফাইনালে।

কোচ স্তানিসলাভ চেরচেশভও চোখ রেখেছেন শেষ চারে। দেশজুড়ে রাশিয়ার কোচের পরিচিতি এখন জেনারেল চেরচেশভ। পুরুষ্ট গোঁফ। কামানো মাথা। ডাগআউটে দাঁড়িয়ে খুব একটা হাঁকডাক দেন না। মাঝে মাঝে গোঁফের নিচে দিয়ে খেলে যায় একচিলতে হাসি। সংবাদ সম্মেলনে মজা করেন। প্রতিটি প্রশ্নকারীর মুখের দিকে তাকিয়ে উত্তর দেন। এই চেরচেশভকে নিয়ে বিশ্বকাপ শুরুর আগে কী নেতিবাচক মনোভাবই না দেখা গেছে! অনেকে বলেছেন রাশিয়া স্বাগতিক হিসেবে হয়তো একটু ভালো করতে পারত, পারবে না কোচের জন্য। রাশিয়ার দরকার ছিল বিদেশি কোচ-গাস হিডিঙ্ক বা ফ্যাবিও কাপেলোর মতো কাউকে। মুখের কথা উল্টে রুশ জনতার মুখে এখন চেরচেশভ-বন্দনা। তিনি এখন জাতীয় বীর।

রাশিয়ার সর্বত্রই অজস্র ভাস্কর্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরদের ভাস্কর্য, সমাজতান্ত্রিক আন্দোলনের নায়কদের ভাস্কর্য, সাহিত্যিক-শিল্পীদের ভাস্কর্য-ভাস্কর্য কোথায় নেই! দাবি এরই মধ্যে উঠে গেছে, চেরচেশভেরও একটা ভাস্কর্য হোক।
চেরচেশভ অবশ্য ওসব নিয়ে ভাবছেন না। তিনি নিরাবেগ মানুষ। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও আবেগে ভেসে যাননি। সংবাদ সম্মেলনে গিয়ে বলেছেন, পরের ম্যাচটিই তাঁর ভাবনাজুড়ে। আবেগ? ওটা স্বাভাবিক, থাকে মনের মধ্যে, কিন্তু আপনাকে ডাগআউটে দাঁড়িয়ে আসল আবেগ দেখাতে হবে আপনার কাজে।

চেরচেশভ খেলোয়াড়ি জীবনে ছিলেন গোলকিপার। ১৯৯৪ বিশ্বকাপে গোলবারের নিচে দাঁড়িয়ে দেখেছেন সহ-খেলোয়াড় ওলেগ সালেঙ্কোর পাঁচ গোলে ক্যামেরুনের গুঁড়িয়ে যাওয়া। জয়ের সময় গোলকিপারের অনুভূতিটা বোঝেন। যেমন বুঝছেন গোলকিপার ইগর আকিনফিভের অনুভূতি। কৌতুক করে বলছেন, ‘আমি গোলকিপার ছিলাম বলেই না ইগর অমন দুর্দান্ত খেলল স্পেনের বিপক্ষে।’

আকিনফিয়েভের নাম এখন রুশদের মুখে মুখে। বিশ্বকাপ শুরুর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ১০০ রুবলের একটা নোট বাজারে ছেড়েছে। সেটির হলোগ্রাম ইমেজে কিংবদন্তি রুশ গোলকিপার লেভ ইয়াশিনের ছবি। শূন্যে ভেসে বাঁ পায়ে বলে কিক করছেন। স্পেনের বিপক্ষে ইয়াগো আসপাসের নেওয়া ম্যাচের ফল নির্ধারণী পেনাল্টিটি ঠিক বাঁ পায়ে যেভাবে ঠেকিয়েছেন আকিনফিয়েভ। কীভাবে এটা মিলল? কেন্দ্রীয় ব্যাংক সকৌতুকে টুইট করেছে, আমাদের ভবিষ্যদ্বাণী এ রকম নির্ভুল হয়!

প্রয়াত ইয়াশিন রাশিয়ায় গোলকিপিং শিল্পটার চূড়া। মহানায়কের সঙ্গে এখন অনিবার্য তুলনায় আকিনফিয়েভ বিব্রত, বিনয়ের সঙ্গে বলছেন, ‘আমার কৃতিত্ব তেমন নেই, প্রায় সবটাই ভাগ্যের অবদান।’
রাশিয়া ফুটবল দলের আরেক নায়ক আরতিয়ম জিউবা। প্রথম ম্যাচে বদলি নেমে গোল করে যে আক্রোশমূলক উদ্‌যাপন করেছিলেন, সেটি নাকি রবার্তো মানচিনিকে জবাব দেওয়া। মানচিনি স্পার্তাক মস্কোর কোচ থাকাকালীন জিউবাকে বেঞ্চে বসিয়ে রাখতেন। জিউবা অবশেষে বিশ্বকাপেই জ্বলে উঠলেন।

রাশিয়ার অনেক তরুণ পায়ে জিউবার উলকি আঁকছে বলে এদিক-ওদিক থেকে খবর মিলছে। আরেক নায়ক ডেনিস চেরিশেভের নামে স্লোগান ওঠাটা তো নৈমিত্তিক ব্যাপার। স্ট্রাইকার বাবা দিমিত্রি চেরিশেভ তনয় এতে নিজেকে মনে করছেন ভাগ্যবান। ছয় বছর যখন বয়স, বাবার সঙ্গে চলে যান স্পেনে। বাবা খেলতেন স্পোর্টিং গিজনে। কিছুদিনের মধ্যেই ডেনিস যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে। স্পেন ও রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব আছে। তবে চেরিশেভ মনে করেন, ভিয়ারিয়ালে খেললেও স্পেনের জাতীয় দলে কখনো তাঁর খেলা হতো না।

আলেক্সান্দার গোলোভিন এই বিশ্বকাপেরই অন্যতম আবিষ্কার। দুর্দান্ত খেলছেন ২২ বছর বয়সী প্লেমেকার। ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। আব্রামোভিচ কানেকশনে তাঁর ঠিকানাটা মনে হয় চেলসিই হতে চলেছে।
এই রুশ দলকে মোটেই হেলাফেলা করছে না ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মডরিচ ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কোয়ার্টার ফাইনালে তাঁরা রাশিয়ার মুখোমুখি হতে রীতিমতো অস্বচ্ছন্দ বোধ করছেন। কারণ দলটি সুসংগঠিত, খুব ছুটতে পারে, সবচেয়ে বড় কথা, পুরো দেশ তাদের পেছনে।
হ্যাঁ, সমর্থনের শক্তিকে অস্বীকার করার উপায় নেই। আজ সোচির সাগরসৈকতে নিশ্চয়ই আরেকটা ঢেউ উঠবে। লাল-সাদা-নীল পতাকার। রাশিয়ার আরও রঙিন স্বপ্ন দিয়ে মোড়া।