সোনার দামের ফুটবলার!

আগেকার যুগে রাজা–বাদশারা দান করতেন দুহাতে। সে রকম সন্তুষ্ট হলে যাঁকে দান করা হচ্ছে, তাঁর ওজনের সমপরিমাণ সোনা দিয়ে দেওয়ার গল্পটল্পও শোনা যায়। কিন্তু দলবদলের বাজারে ফুটবলারদের মূল্য বিচার করা হলে নিজের ওজনের সমপরিমাণ সোনার মূল্য কার আছে?
উত্তর তো হাতের কাছেই। এই মুহূর্তে কাগজে–কলমে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। টটেনহাম থেকে সাড়ে আট কোটি পাউন্ডে তাঁকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। বেলের ওজন ৭৪ কেজি, আর এই যুগে তাঁর ওজনের সমান সোনার দাম ২ কোটি ১০ লাখ পাউন্ড! বেলের দলবদলের দামে তাই অন্তত তাঁকে নিয়ে নিরেট চারটি সোনার মূর্তি বানানো যাবে!
ফুটবলে যখন থেকে টাকার ঝনঝনানি, তখন থেকেই আসলে সোনার চেয়ে ফুটবলারদের দাম অনেক গুণ বেশি বাড়তে শুরু করেছে। তবে কোন ফুটবলারের দাম সোনার সমান, সেটি হিসেব কষতে সোনার দামের ঊর্ধ্বগতিটাও বিবেচনায় রাখা উচিত। ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, ১৯২৮ থেকে ১৯৩২ সালের মধ্যে ফুটবলারদের দাম যখন বাড়তে শুরু করে, তখন তাঁদের ওজনের সমান দামে কেনা যেত। ১৯৩২ সালে মেক্সিকোর ক্লাব টিগ্রে থেকে বার্নার ফেরেইরাকে ২৩ হাজার পাউন্ড দিয়ে কিনেছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। ওই সময় সেটি ছিল দলবদলের রেকর্ড। ‘সোনার দামের’ ইতিহাস থেকে দেখা যাচ্ছে, ওই সময় ওই টাকার সমান ওজনের সোনা পাওয়া যেত ১১১ কেজি। ফেরেইরার ওজন নিশ্চয় ততটা হবে না!
চোখটা আরেকটু পেছনে ফেরানো যাক, নিখুঁত একটা হিসাব কিন্তু পাওয়া যাবে। ১৯২৮ সালে বোল্টন থেকে ডেভিড জ্যাককে ১০ হাজার ৯৮০ পাউন্ড দিয়ে কিনেছিল আর্সেনাল। ওই টাকা দিয়ে সে সময় ৭৩ কেজি সোনা কেনা যেত। কী অদ্ভুত ব্যাপার, জ্যাকের ওজনও ছিল ঠিক ৭৩ কেজি! তাই ডেভিড জ্যাককেই প্রথম ফুটবলার হিসেবে ধরা যায়, যাঁর দাম তাঁর ওজনের সমপরিমাণ সোনার মূল্যের সমান ছিল! সূত্র : গার্ডিয়ান।