সোনার হরিণ ধরেছে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে দশম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মোহামেডান। সেটিও অধিনায়ক তৌহিদুল আলম সবুজের একমাত্র গোলে। জয়ের পর মোহামেডান খেলোয়াড়দের উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
লিগে দশম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মোহামেডান। সেটিও অধিনায়ক তৌহিদুল আলম সবুজের একমাত্র গোলে। জয়ের পর মোহামেডান খেলোয়াড়দের উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

মোহামেডান জিতেছে! মোহামেডান জিতেছে!!
মোহামেডান তো জিতবেই। এটা আর ঘটা করে বলার কী আছে? ঘটা করে বলার আছে, কারণ মোহামেডানের জন্য এটি শুধুই একটা জয় নয়। এই জয় দলটার ওপর জেঁকে বসা পাথরখণ্ড সরিয়ে দিয়েছে। একটু সুযোগ দিয়েছে স্বস্তির নিশ্বাস ফেলার।
জয়টি আবার যেনতেন দলের বিপক্ষে নয়, রীতিমতো প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার যুগ্ম শীর্ষ দল শেখ জামালকে শিকার বানাল তারা! এটি যেমন লিগে দশম ম্যাচে এসে সাদা-কালোর প্রথম জয়, শেখ জামালের জন্য এটি প্রথম হার।
সেই জয়ও এল কিনা কোচ জোসিমউদ্দিন জোসিকে ছাড়াই। আগের নয় ম্যাচে ছয় ড্র আর তিন হারে ৬ পয়েন্ট পাওয়ার হতাশায় জোসি অনুশীলনে আসাই বন্ধ করে দিয়েছেন। সহকারী কোচ মিজানুর রহমান ডন থাকলেও ডাগআউটে বরাবরের মতো সক্রিয় দেখাল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে। অনেকে মজা করে বলছিলেন, ঝাড়ফুঁক দিয়ে বাবু এবার দলকে জেতালেন!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই রাতে সবকিছুই যেন মোহামেডানের পক্ষে ছিল। প্রথমত হাতে গোনা কয়েকটি আক্রমণ করেই তারা গোল পেয়ে গেছে। ৪৮ মিনিটে পাওয়া গোলটি এসেছে কর্নার থেকে। প্যাট্রিচের কর্নারে শাহেদের হেড, ফাঁকায় দাঁড়ানো অরক্ষিত অধিনায়ক তৌহিদুল আলম সবুজ কোনাকুনি গড়ানো শটে বল পাঠালেন জালে। এই গোল ধরে রাখতে ভাগ্যও পাশে থাকল মোহামেডানের। তাই একের পর এক আক্রমণ করেও সমতাসূচক গোলটির দেখা পেল না শেখ জামাল।
অথচ এই শেখ জামাল গত ছয় ম্যাচে ১০ গোল খেয়ে ২০ গোল করেছে। অর্ধেক গোলই ওয়েডসনের। কিন্তু কাল অনেক চেষ্টা করেও গোল আর পেলেন না হাইতিয়ান স্ট্রাইকার। মোহামেডানের গোলরক্ষক নেহাল ভালো খেলেছেন। তবে শেখ জামালের প্রধান গোলরক্ষক মোস্তাক চোটের কথা বলে এই ম্যাচ খেলেননি, ম্যাচের পর জামাল কর্মকর্তারা এই দাবি করে মোস্তাককে কাঠগড়ায় তুলছিলেন বারবারই।
তবে সব একপাশে রেখে অনেকেই উপভোগ করছিলেন মোহামেডানের উৎসব। জয় নামের সোনার হরিণের দেখা পেয়ে দলটির খেলোয়াড়-কর্মকর্তারা এমনই উৎসবে মাতলেন যে, মনে হচ্ছিল মোহামেডান বুঝি লিগ-টিগ জিতে ফেলেছে। প্রায় মিছিল করে সমর্থকেরা বেরোলেন মাঠ থেকে। অথচ একসময় জয় ছিল মোহামেডানের কাছে দুধভাত। আর এখন একটা জয়েই আবেগের কাছে হার মেনে কেঁদে ফেলেন মোহামেডান অধিনায়ক সবুজ!