সোনালি জুতার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শেষ প্রায়। এ মুহূর্তে কে শিরোপা জিতবে, সেটি নিয়েই আলোচনার টেবিলে ঝড় ওঠার কথা ছিল। কিন্তু বেরসিক দলগুলোর কারণে সে আশা চুকেছে বেশ আগেই। এক ঘোড়ার দৌড়ে পরিণত হওয়া ফ্রেঞ্চ লিগের কথা না হয় বাদই থাকল। ইংলিশ, জার্মান ও ইতালিয়ান লিগেও যে শেষ রাউন্ডের আগেই শিরোপা নির্ধারিত হয়ে গেছে! শুধু স্প্যানিশ ও পর্তুগিজ লিগেই শেষ সপ্তাহে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন হচ্ছে কারা। লিগ শিরোপা নিয়ে উত্তেজনা না থাকলেও অন্য একটি বিষয় আগ্রহের পারদ চড়িয়ে দিচ্ছে—কে পায়ে গলাচ্ছেন ‘সোনালি জুতা’? ইউরোপের শীর্ষ লিগগুলোয় প্রতিবারই জমে ওঠে এ লড়াই। ২০১৫-১৬ মৌসুমে গোল্ডেন বুটের এ লড়াই যেন পেয়েছে অন্য মাত্রা। প্রতিটি লিগেই সাম্প্রতিক কালের রেকর্ড ভাঙার পণ নিয়েই যেন নেমেছেন সবাই।

.
.

লা লিগা
বাইসাইকেল কিকটি না মারলেও চলত ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০ এপ্রিল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের জয় সেদিন নিশ্চিত হয়ে গিয়েছিল বহু আগেই। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ওই শট নিতে গিয়েই চোট পেলেন রোনালদো। মাঠ ছাড়লেন খোঁড়াতে খোঁড়াতে। এই চোটে লিগে টানা দুই ম্যাচে দর্শক হয়ে থাকতে হলো। আর ওই সময়েই ৩ ম্যাচে ৯ গোল করলেন লুইস সুয়ারেজ এবং সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে রোনালদোকে পেছনে ফেলে এগিয়ে গেলেন অনেকটা। এ পর্যন্ত লিগে বার্সেলোনার এই স্ট্রাইকারের গোল ৩৭টি, রোনালদোর গোল ৩৩টি। দুজন আরও এক ম্যাচ হাতে পাচ্ছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। টানা তৃতীয়বারের সর্বোচ্চ গোলদাতা হতে চাইলে এবার হ্যাটট্রিকের চেয়েও অবিশ্বাস্য কিছু করতে হবে তাঁকে। চোটের কারণে লিগে পাঁচ ম্যাচ খেলতে না পারা লিওনেল মেসি অবশ্য সোনালি জুতার দৌড়ে (২৬ গোল) অনেক পিছিয়ে।

.
.

প্রিমিয়ার লিগ
লেস্টারের রূপকথা নির্মাণে জেমি ভার্ডিরই সবচেয়ে বড় অবদান। লিগে এ মৌসুমে লেস্টারের ৬৭ গোলের ৩০টিতেই অবদান ইংলিশ স্ট্রাইকারের। নিজে গোল করেছেন ২৪টি, সহযোগিতা করেছেন ৬টিতে। গোলসংখ্যায় অবশ্য তাঁকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেন। টটেনহামের এই স্ট্রাইকারের গোল ২৫টি। এই দুজন পাদপ্রদীপের পুরোটা আলোই কেড়ে নিয়েছেন, না হলে এ মৌসুমে সার্জিও আগুয়েরো যা করেছেন তা-ও অবিশ্বাস্য। চোটের কারণে ৮টি ম্যাচ খেলতে পারেননি, তারপরও ২৪ গোল করে তিনিও দৌড়ে আছেন ভার্ডির সঙ্গে। লিগের শেষ ম্যাচে তাই ‘পপকর্ন’ নিয়ে বসতেই পারেন—কে পাচ্ছেন প্রিমিয়ার লিগে সোনালি জুতা!

.
.

বুন্দেসলিগা
পেপ গার্দিওলার কারণে একপেশে হয়ে যাওয়া বুন্দেসলিগায় এবার প্রাণ ফিরিয়ে এনেছিল বরুসিয়া ডর্টমুন্ড। মৌসুমের শুরুতে পিয়েরে অবামেয়াংয়ের অবিশ্বাস্য ফর্ম আশা দেখাচ্ছিল ডর্টমুন্ডকে। শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেন অবামেয়াং, লিগ শিরোপা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয় বায়ার্ন মিউনিখ। তবু ২৯ ম্যাচে ২৫ গোল করে দৃষ্টি কেড়েছেন গ্যাবানিজ স্ট্রাইকার। তবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ‘ইঁদুরদৌড়ে’ বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি রয়েছেন বেশ নিরাপদ দূরত্বে (২৯)।

.
.

প্রিমেরা লিগা (পর্তুগাল)
ফুটবল-বিশ্ব লেস্টারের রিয়াদ মাহরেজকে নিয়ে মেতে আছে। কিন্তু পর্তুগালে তাঁরই স্বদেশি একজন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কাণ্ড করে ফেলছেন। স্পোর্টিং ক্লাবের হয়ে এবার ২৬টি গোল করেছেন ইসলাম স্লিমানি। এই আলজেরিয়ান স্ট্রাইকারের দলও আছে লিগে দ্বিতীয় অবস্থানে। এক স্ট্রাইকারের কারণেই শীর্ষে বেনফিকা। বেনফিকার জার্সিতে এ মৌসুমে ৩১ গোল করেছেন জোনাস অলিভিয়েরা। শেষ দিকে এসে সুয়ারেজের এমন অবিশ্বাস্য ফর্মের আগে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ ভালোভাবেই ছিলেন জোনাস।

.
.

সিরি ‘আ’
মাথা গরম করেই ঝামেলা বাধিয়েছেন গঞ্জালো হিগুয়েইন। তা না হলে ২০ দলের লিগ যুগে এক মৌসুমে সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলের রেকর্ডটি হয়তো এখন থাকত তাঁর অধিকারেই। সেই কবে ১৯৫০ সালে ৩৫ গোল করেছিলেন গুনার নরডাল। সুইডিশ স্ট্রাইকারের রেকর্ড আর ভাঙতে পারেননি কেউ। হিগুয়েইন এবার ৩৩ গোল করে ফেলেছেন। ৩ ম্যাচের নিষেধাজ্ঞা না থাকলে সংখ্যাটি বাড়ত নিশ্চিত। লিগে আরেকটি ম্যাচ বাকি নাপোলির। রেকর্ড ভাঙতে সেদিন একটি হ্যাটট্রিকের অপেক্ষা তাঁর। সিরি ‘আ’তে অন্য স্ট্রাইকাররা অবশ্য গোলের জন্য হাপিত্যেশ করেছেন এবার। দ্বিতীয় সর্বোচ্চ গোল হিগুয়েইনের স্বদেশি পাওলো দিবালার, ১৭টি!

.
.

লিগ ওয়ান (ফ্রান্স)
তিনি নিজেকে তুলনা করেন ‘ওয়াইন’-এর সঙ্গে। তুলনাটি ভুল নয় মোটেও, বয়স যত বাড়ছে ততই ক্ষুরধার হচ্ছেন ইব্রাহিমোভিচ। এ মৌসুমেই লিগে ২৯ ম্যাচে ৩৫ গোল ৩৪ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকারের। লিগ ওয়ানে তাঁর সবচেয়ে কাছে থাকা লিঁও স্ট্রাইকার আলেসান্দ্রে লাকাজেতের গোল ২১টি।