সোনালি প্রজন্ম, না সোনালি অতীত?
পুসকাস, ম্যাজিকাল ম্যাগিয়ার্স, হাঙ্গেরি! তিনটি শব্দ একসঙ্গে বসলেই ফুটবলের সবচেয়ে বড় দীর্ঘশ্বাসের কথা মনে পড়ে যায়। হাঙ্গেরির ফুটবল যেন ইতিহাসের অংশই হয়ে গিয়েছিল। যে ইতিহাস রোমন্থন করেই দিন পার করতে হবে বলে ভেবেছিলেন ফুটবল-বোদ্ধারা। কিন্তু ‘স্লিপিং বিউটির’ ঘুম ভেঙে আবারও জেগে উঠেছে হাঙ্গেরি। এবার ইউরোতে সবাইকে চমকে দিয়ে চলে এসেছে নকআউট পর্বে। আজ তুলুজে তারা মুখোমুখি বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’।
‘সোনালি প্রজন্ম’ বললেই ফেরেঙ্ক পুসকাসের দলের কথাই মনে পড়ে। টানা চার বছর ফুটবলকে শাসন করা পুসকাসের সেই সোনালি দলের ১৯৫৪ বিশ্বকাপ না-জেতার গল্প ফুটবলের এক শোকগাথা। এরপরই ফুটবলের বিশ্বমঞ্চ থেকে ধীরে ধীরে হারিয়ে গেছে হাঙ্গেরি। ১৯৮৬ বিশ্বকাপের পর তো কোনো বড় টুর্নামেন্টেই খেলা হয়নি। ইউরোতেও সর্বশেষ অংশগ্রহণ ১৯৭২ সালে, বেলজিয়ামের কাছে হেরে সেবার তারা হয়েছিল তৃতীয়। ‘ম্যাজিকাল ম্যাগিয়ার্সের’ স্মৃতি কিন্তু হারিয়ে যায়নি, বরং সোনালি সেই অতীত উল্টো তাড়া করে ফিরছে হাঙ্গেরির পরের সব দলকেই। হাঙ্গেরির কোচ বার্নড স্টর্ক সেটাই মনে করিয়ে দিলেন, ‘হাঙ্গেরিয়ান ফুটবলের সোনালি অতীত এখনো বিরাট প্রভাব ফেলছে ওখানে।’
ইউরোতে বর্তমান দলের সাফল্য অতীতের ওই দলের সঙ্গে তুলনা একটু টানছেই। মিডফিল্ডার লাসলো ক্লাইনহাইসলার অবশ্য এখনই অত দূর ভাবতে চাইছেন না, ‘আমি বিশ্বাস করি, একদিন আমরা বিখ্যাত ওই দলের পর্যায়ে যেতে পারব। কিন্তু এখন আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। আমরা খুব ভালো দল হয়ে উঠছি, সবাই ধীরে ধীরে উন্নতি করছে।’
পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই হাঙ্গেরি বুঝিয়ে দিয়েছে তারা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেদিন দুই গোল করেছেন বোলাজ জুজাক। জুজাক আরও বড় কিছু করার আশা করছেন, ‘অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, অবশেষে আমার সময় এসেছে।’
জুজাকরা আরেকটি সোনালি প্রজন্ম হতে পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে, কিন্তু এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনারা তো বেলজিয়ামের সোনালি প্রজন্মই। আজকের ম্যাচে বিশ্ব র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা বেলজিয়ামই এগিয়ে থাকবে। তবে বেলজিয়াম কোচ মার্ক উইলমোটস বেশ ভয় পাচ্ছেন নবজন্ম পাওয়া এই হাঙ্গেরিকে, ‘আপনারা কি এবারের ইউরো দেখেননি? পর্তুগালের বিপক্ষে হাঙ্গেরির খেলা দেখেছেন? অনেক ভালো ভালো সব খেলোয়াড় ওদের। কাগজ কী বলছে সেটা ভুলে যান, মাঠে কী হলো সেটাই হিসাব করুন। এর চেয়ে স্পেন বা ইংল্যান্ডকে পেলেই খুশি হতাম। তাহলে অন্তত বেশি কিছু হারাতে হতো না আমাদের।’ এএফপি।