‘সোনায় মোড়ানো’ ৩ পয়েন্টও স্বস্তি দিতে পারছে না বার্সাকে

গোলের পর ডি ইয়ংকে ঘিরে বার্সেলোনার উল্লাসছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রানাদার বিপক্ষে লিগে ড্র। এর পর সুপার কাপে রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে টানা দুই হার। লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে। এ অবস্থায় বার্সেলোনা কীভাবে ফুরফুরে মেজাজে থাকতে পারে?


বার্সেলোনা সুখে নেই-ও। গোটা ক্যাম্প ন্যু জুড়েই যেন গুমোট একটা ভাব। কোচ জাভির কথাতে সে অবস্থাই ফুটে উঠল যেন। গত রাতে আলাভেসের মাঠ থেকে ১-০ গোলের জয় এনেছে বার্সেলোনা, ৮৭ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে পাওয়া জয়টা জাভিদের বাড়তি উত্তেজনা দেবে কি, দলের সামগ্রিক অবস্থা নিয়েই চিন্তিত এই স্প্যানিশ কোচ। জানিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন আলবা-বুসকেতসরা।

পাশাপাশি বার্সেলোনায় তাঁর প্রকল্পে ‘অনুমানের চেয়েও বেশি সময় লাগবে’ বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার।


অবশ্য এই ম্যাচে একটা ‘প্রাপ্তি’ হয়েছে বার্সার। আলাভেসের বিপক্ষে কাল ম্যাচে মোট ৬৯৩টি পাস খেলেছে বার্সা, যা এই মৌসুমে লিগে কোনো ম্যাচে তাদের সর্বোচ্চ। জাভির অধীনে এখনো ম্যাচের ফলে, দাপট দেখানোর ক্ষেত্রে খুব বেশি উন্নতি না এলেও বার্সার সোনালি দিনের ‘টিকিটাকা’ ফেরার যে ইঙ্গিত মাঝে মধ্যে পাওয়া গেছে, সেটিরই আরেকটি উদাহরণ হয়তো এটি।

আলাভেসের মাঠ থেকে জয় পাওয়া এমনিতেই অনেক কঠিন। এমন কঠিন এক জায়গা থেকে পাওয়া দলের জয় জাভিকে স্বস্তি দিলেও সব মিলিয়ে খুশি নেই এই কোচ, ‘সোনায় মোড়ানো তিনটা পয়েন্ট পেয়েছি আমরা। রিয়াল মাদ্রিদই শুধু এই মাঠে এসে জিতেছে আগে। আজ আমরা জিতলাম। তবে আমাদের যথেষ্ট ভালো খেলেই জিততে হয়েছে। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। আশপাশের পরিবেশও ওদের তেমন সাহায্য করছে না। ফলে আজকের এই জয়ের পর তাঁরা ড্রেসিংরুমে অনেক উদ্‌যাপন করেছে।’


পান থেকে চুন খসলেই আলবা-বুসকেতসদের নিয়ে সমালোচনা শুরু হয়। অনেক সময় সেটা সহ্যও করা সম্ভব হয় না। জাভি নিজে খেলোয়াড় ছিলেন এই দলের, তিনি বোঝেন ব্যাপারটা। কিন্তু এটাও বোঝেন, শিষ্যরা ভালো খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, ‘আলবা, পিকে, ডি ইয়ং, বুসকেতস সবাইকে নিয়েই সমালোচনা চলছে। কিন্তু ওরা আরও বেশি চেষ্টা করছে। আসলে বার্সার হয়ে খেলা সহজ কাজ নয়। বার্সেলোনার জার্সি গায়ে দিলে আরও ২০ কেজি ভার চলে আসে নিজের ওপর। আমরা এখন কষ্ট সহ্য করছি, তবে একদিন অবশ্যই এই অবস্থা থেকে উতরাতে পারব। অন্ধকার সময় কাটিয়ে দেখব সোনালি সূর্য।’

জাভি বোঝেন শিষ্যদের কষ্ট
ছবি : রয়টার্স

প্রথমার্ধে বার্সা যে খুব ভালো খেলেছে, বলা যাবে না। অনেক সময় এমন মনে হচ্ছিল, লিগ টেবিলের ১৯ নম্বরে থাকা আলাভেস বুঝি নিজের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট পাবে। সাইডলাইনে জাভিকেও অধৈর্য মনে হচ্ছিল। দ্বিতীয়ার্ধে ফেরান জাগলা ও নিকো গঞ্জালেস নামার পর আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা।


গোটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন আলাভেসের গোলকিপার ফের্নান্দো পাচেকো, কিন্তু শেষমেশ ডি ইয়ংয়ের শট আটকাতে পারেননি। ৮৭ মিনিটে আলবার ক্রস ফেরান তোরেস হয়ে চলে আসে ডি ইয়ংয়ের কাছে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই ডাচ মিডফিল্ডার। গত কিছুদিনে বার্সার মাঝমাঠে ডি ইয়ংয়ের জায়গাটা নড়বড়ে হয়ে পড়েছিল, চোটও ভোগাচ্ছিল তাঁকে। এমন পরিস্থিতিতে গোলটা ২৪ বছর বয়সী মিডফিল্ডারকে স্বস্তি দেবে অনেক।

গোটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন আলাভেসের গোলকিপার ফের্নান্দো পাচেকো
ছবি : রয়টার্স

ম্যাচের পর অবশ্য গোলকে অত বড় করে দেখাতে রাজি হননি ডি ইয়ং। গোল করা তো তাঁর মূল কাজ নয়, আক্রমণ গড়ে দেওয়া আর নিজেদের রক্ষণের সামনে বাড়তি সুরক্ষা দেওয়াই ডি ইয়ংয়ের কাজ। সে কারণেই কি না, গোল করেও বার্সা মিডফিল্ডারের উপলব্ধি, ‘আজ আমি গোল করায় লোকে হয়তো বলবে আমি ভালো খেলেছি, তবে ব্যাপারটা তা নয়। আমার মনে হয় না সবাই ম্যাচের খুঁটিনাটি দিকগুলো ভালো করে দেখে।’ তাঁকে নিয়ে চলা সমালোচনার কিছুটা জবাবও হয়ে এল ডি ইয়ংয়ের পরের কথাটা, ‘আমার খেলায় আরও অনেক উন্নতি আনতে হবে। তবে একেবারে যে খারাপ খেলছিলাম, তা-ও নয়।’


কালকের জয়ে বার্সেলোনার জন্য বড় স্বস্তি, লিগের পয়েন্ট তালিকার সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দৌড়ে আরেকটু এগিয়ে গেল বার্সা। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে আছে বার্সেলোনা। চারে থাকা আতলেতিকোর পয়েন্ট ২১ ম্যাচে ৩৬। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৫০।