সোপ অপেরার আরেক দৃশ্যে 'নায়ক' বনাম 'খলনায়ক'

গল্পটা যেন কোনো সোপ অপেরার। একটা ফোন কল থেকে ঘটনার সূত্রপাত। সেখান থেকে মনোমালিন্য, উপেক্ষা, অতঃপর বিচ্ছেদ। ইকার ক্যাসিয়াস ও হোসে মরিনহোর সেই বিচ্ছেদের গল্পটাই আবার সামনে চলে আসছে। প্রকৃতির কী লীলা! আজও গল্পটা হতে পারে বিচ্ছেদেরই। আজ চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মরিনহোর চেলসি ও ক্যাসিয়াসের পোর্তো। এর যেকোনো একটি বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে দলগত লড়াই, জয়-পরাজয়ের হিসাব এসব তো আছেই। এগুলোর সঙ্গে বড় হয়ে উঠছে মরিনহো-ক্যাসিয়াস দ্বন্দ্বটাও।
মরিনহো রিয়াল মাদ্রিদে থাকার সময়ে শুরু এই তিক্ততার। সেসময় বার্সেলোনা-রিয়াল ম্যাচ মানেই ছিল মল্লযুদ্ধ। যার জন্য মরিনহোকেই কাঠগড়ায় দাঁড় করান সবাই। স্পেন দলে যেন এই ‘যুদ্ধে’র প্রভাব না পড়ে, সেটি নিশ্চিত করতেই জাতীয় দলের সতীর্থ জাভিকে ফোন দিয়েছিলেন ক্যাসিয়াস। কিন্তু বার্সেলোনার সঙ্গে অপ্রকাশ্য যুদ্ধ ঘোষণা করা মরিনহোর পছন্দ হয়নি সেটি। ফল, মনোমালিন্য। যার রেশে রিয়ালের মূল একাদশেই ক্যাসিয়াস হয়ে পড়লেন অচ্ছুত।
ক্যাসিয়াসের নিজের কিছু শিশুতোষ ভুলের দায়ও আছে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ওই ফোন কলটাই ছিল মূল কারণ। আরেকটা কারণও ঠারেঠোরে শোনা যায়। ২০১১ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে রিয়ালের স্কোয়াড সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। এই ঘটনার জন্যও মরিনহো সব সময় নাকি ক্যাসিয়াসের সাংবাদিক বান্ধবী সারা কার্বোনেরোকে সন্দেহ করে এসেছেন।
দুজনই রিয়াল ছেড়েছেন, আছেন ভিন্ন ক্লাবে। মরিনহো এসেছেন চেলসির ডাগআউটে, আর রিয়ালের সঙ্গে ১৭ বছরের সম্পর্কচ্ছেদ করে ক্যাসিয়াস এখন পোর্তোর গোলপোস্টে। দুজনই আজ মুখোমুখি হচ্ছেন চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার লড়াইয়ে। মরিনহোর কৌশলকে ঠেকানোর মূল কাজটা ক্যাসিয়াসের হাতেই। কে জিতবেন তাতে? ক্যাসিয়াস জিতলে মরিনহো চাকরি হারাতে পারেন, আর মরিনহো জিতলে ক্যাসিয়াসের দল বাদ পড়বে ইউরোপে সর্বোচ্চ প্রতিযোগিতা থেকে।
এমনিতে গ্রুপটার সমীকরণ বেশ জটিল। গ্রুপের প্রথম তিন দলের যে কেউই পরের রাউন্ডেও যেতে পারে, আবার বাদও পড়তে পারে যে কেউ। সহজভাবে বোঝাতে গেলে, চেলসির আজ ড্র করলেই চলবে। সে ক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে যাবে তারা। আর পোর্তোর জিততে হবে। তবে এই ম্যাচ ড্র হয়ে গেলেও পর্তুগিজ দলটির আশা থাকবে, সে ক্ষেত্রে প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচে ডায়নামো কিয়েভ না জেতে।
ম্যাচের আগে বেশ চাপে আছেন চেলসি কোচ মরিনহো। এমনিতেই মৌসুমের শুরু থেকে ধুঁকছে তাঁর দল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর যা-ও একটু ভালো করছিল, সেই আত্মবিশ্বাসও ধুলোয় মিশে গেছে লিগে সর্বশেষ ম্যাচ বোর্নমাউথের কাছে পরাজয়ে। গত কয়েক দিন ধরে একটু স্তিমিত হয়ে আসা ‘মরিনহো ছাঁটাই হচ্ছেন’ গুঞ্জনটাও আবার ফিরে এসেছে। জল্পনা-কল্পনা আছে, আজ যদি মরিনহো চেলসিকে পরের রাউন্ডে নিয়ে যেতে ব্যর্থ হন, সে ক্ষেত্রে তাঁকে বিদায় করে দেবেন চেলসি মালিক আব্রামোভিচ।
আব্রামোভিচকে এই বিষয়ে ‘সাহায্য’ করতে চাইছেন ক্যাসিয়াস। অবশ্য সরাসরি সেটি বলেননি পোর্তো গোলরক্ষক। নিজের দলের জয়ের দিকে তাঁর সব চিন্তা আচ্ছন্ন জানিয়ে ক্যাসিয়াস বললেন, ‘পোর্তো রক্ষণাত্মক খেলার প্রস্তুতি নিচ্ছে না। কারণ সেটি বিপর্যয় ডেকে আনবে। পরাজয়ও তাতে অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আমাদের চিন্তা শুধুই পরের রাউন্ডে যাওয়া নিয়ে।’
তবে উপলক্ষটা তো ‘গুরু-শিষ্যের পুনর্মিলনী’, ক্যাসিয়াসকে তাই কথা বলতেই হলো সাবেক বসকে নিয়ে। তাতে মরিনহোর দলকে ‘ভোগানো’র পরিকল্পনাই পোর্তো কষছে বলে জানালেন সন্ত ইকার, ‘মরিনহো এমন একজন কোচ যিনি সব সময় জিততে চায়। সাবেক ক্লাবের বিপক্ষেও তা-ই চাইবেন তিনি। তবে আমরাও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি যেন স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে তাদেরকে ভোগাতে পারি। এবং গ্রুপপর্ব পার হতে পারি।’
ক্যাসিয়াস সেটি করতে পারলে মরিনহোর বিপদ। অতীত দ্বন্দ্ব কী একটু বাড়তি প্রেরণা জোগাচ্ছে সন্ত ইকারকে? তথ্যসূত্র: গোলডটকম।