সোমবারে ‘সোমবারে’র গোল এবং রাশিয়ার হাসি

১৯৬০ ইউরো জয়ী রাশিয়া (তখনকার সোভিয়েত ইউনিয়ন) দলউয়েফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে সময়ে হওয়ার কথা, করোনা সেই সময়ে ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কী! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। আগামী ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই—‘ইউরো ২০২০’। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো—

সোমবারের গোল

প্যারিসের পার্ক দো প্রিন্সেসে ফাইনালটা যখন শুরু হয়, মস্কোতে তখন সময় রোববার রাত ১০টা। প্রতিপক্ষ দুই দেশের নাম ও ভৌগোলিক চেহারা অবশ্য এখন একেবারে বদলে গেছে। তবে সেদিন তারা ইউরোর ফাইনাল খেলতে নেমেছিল সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া নামেই। সোভিয়েত মানে এখনকার রাশিয়া, আর যুগোস্লাভিয়া ভেঙে তো অনেকগুলো দেশই হয়েছে।
নির্ধারিত ৯০ মিনিটে ফাইনাল ১-১ ড্র। ৪৩ মিনিটে যুগোস্লাভিয়ার সার্বিয়ান স্ট্রাইকার মিলান গালিচের গোলের পর ৪৯ মিনিটে রাশিয়ার হয়ে সমতা ফেরান স্লাভা মেত্রেভেলি। যথারীতি ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। এখানেও কী সমতা থাকবে, আবারও হবে ম্যাচ (তখন সেটাই নিয়ম ছিল)—পার্ক দো প্রিন্সেসের দর্শকেরা যখন এসব কথা ভাবছেন, ঠিক তখনই গোল! ম্যাচের ১১৩ মিনিটে রাশিয়াকে উচ্ছ্বাসে বাসানো সেই গোলটা করলেন ভিক্তর পোনেদেলনিক। নামটা একটু অদ্ভুত, কারণ রাশিয়ান ভাষায় ‘পোনেদেলনিক’ মানে ‘সোমবার’। মস্কোর ঘড়ির কাটাও রাত ১২টা পেরিয়ে এপারে চলে এসেছে, মানে রোববার পেরিয়ে তখন সোমবার।

ফাইনালে রাশিয়ার জয়ের নায়ক ভিক্তর পোনেদেলনিক
উয়েফা

অনেক বছর পর ওই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে পোনেদেলনিক বলেছিলেন, ‘যারা এ ম্যাচের শিরোনাম দিতে চেয়েছিলেন, তাদের কাছে আমার নামটা সেদিন স্বপ্ন হয়ে এসেছিল।’ আসলেই তো। সোমবারে ‘সোমবারে’র গোলেই তো রাশিয়া পেয়েছিল ১৯৬০ সালে প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি।

এক নজরে ইউরো ১৯৬০

স্বাগতিক:  ফ্রান্স
ফাইনালের ভেন্যু: পার্ক দো প্রিন্সেস, প্যারিস
চ্যাম্পিয়ন: রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)
রানার্স আপ: যুগোস্লাভিয়া
তৃতীয় স্থান: চেকোস্লাভাকিয়া
চতুর্থ: ফ্রান্স

যেভাবে শুরু

ইউরোপের দেশগুলোকে নিয়ে আলাদা একটা টুর্নামেন্টের ধারণা ফিফাকে প্রথম দিয়েছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি হেনরি দেলাওনে, ১৯২৭ সালে। সেই ধারণা বাস্তবায়নের আগেই ১৯৫৫ সালে পরপারে চলে যান দেলাওনে। তবে পিতার স্বপ্নপূরণ হয়েছে পুত্র পিয়েরের হাত ধরে। ১৯৫৬ সালে পিয়েরে ইউরোপিয়ান নেশনস অর্গানাইজিং কমিটির সচিব হওয়ার পর আটঘাট বেঁধে নামেন এবং তাঁর উদ্যোগেই ১৯৬০ সালে ফ্রান্সে বসে ইউরোর প্রথম আসর।

১৭ দল নিয়ে হয়েছিল প্রথম আসরের বাছাইপর্ব, চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছিল মাত্র ৪টি দল। এখন যে টুর্নামেন্টটা ইউরোপের ফুটবলে জাতীয় দলের শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবে প্রতিষ্ঠিত সেই টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও জার্মানি। স্পেন অংশ নিয়েছিল বাছাই পর্বে, তবে রাজনৈতিক কারণে রাশিয়ার বিপক্ষে ম্যাচটা না খেলে ওয়াকওভার দিয়ে দেয়। ওই ওয়াকওভার পেয়েই চূড়ান্ত পর্বে উঠে রাশিয়া, যারা পরে চ্যাম্পিয়নও হয়ে যায়।

আরও যত গল্প

স্ট্রাইকার থেকে ক্রীড়া সম্পাদক

সোমবারে গোল করে যিনি ক্রীড়া সাংবাদিকদের দুর্দান্ত এক শিরোনাম উপহার দিয়েছিলেন, সেই ভিক্তর পোনেদেলনিক নিজেও পরে হয়ে যান ক্রীড়া সাংবাদিক। হাঁপানি সমস্যার কারণে ১৯৬৬ সালে মাত্র ২৯ বছর বয়সে খেলা ছেড়ে দেন। কিছুদিন পরেই জড়িয়ে যান ক্রীড়া সাংবাদিকতায়। পরে পোনেদেলনিক রাশিয়ার ক্রীড়া দৈনিক সোভিয়েতস্কি স্পোর্টস-এর ক্রীড়া সম্পাদকও হয়েছেন।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক রাশিয়ার লেভ ইয়াসিন
উয়েফা


গোলের আসর
প্রথম আসরে ম্যাচ ছিল মাত্র চারটা। দুটি সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রথম সেমিফাইনালে ৫-৪ গোলে ফ্রান্সকে হারিয়েছিল যুগোস্লাভিয়া। ইউরোর সব আসর মিলিয়ে ওটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের ম্যাচ হয়ে আছে। চার ম্যাচেই ১৭ গোল হয়েছিল ১৯৬০ ইউরোতে, ম্যাচপ্রতি গোল ৪.২৫ টি। ইউরোর সব আসর মিলিয়ে ওটাই এখন পর্যন্ত ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোলের রেকর্ড।

শুধু ফুটবল নয়, হকিতেও
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চেকোস্লাভাকিয়ার ২-০ গোলের জয়ে গোল করেছিলেন ভ্লাসতিমিল বুবঙ্ক। চার বছর পর শীতকালীন অলিম্পিকে আইস হকিতে দেশের হয়ে ব্রোঞ্জও জিতেছিলেন বুবঙ্ক।

১৯৬০ ইউরো ট্রফি হাতে রাশিয়ার অধিনায়ক ইগর নেত্তো
উয়েফা


বার্নাব্যুর প্রস্তাব
চ্যাম্পিয়ন দল হিসেবে রাশিয়া পেয়েছিল মাত্র ২০০ ইউএস ডলার। জয়ী দলের সম্মানে আয়োজকেরা ইউরোপিয়ান ফুটবলের কর্তাব্যক্তিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করেছিলেন আইফেল টাওয়ারে। সেই ভোজেই রিয়াল মাদ্রিদের তখনকার সভাপতি সান্তিয়াগো বার্নাব্যু দেখা করতে গিয়েছিলেন রাশিয়া দলের সঙ্গে। রাশিয়ার জয়ের নায়ক ভিক্তর পোনেদেলনিক পরে সেই ভোজের স্মৃতিচারণ করে বলেছেন, ‘তিনি (সান্তিয়াগো বার্নাব্যু) আমাদের দলের অর্ধেকের বেশি খেলোয়াড়কেই কিনে রিয়ালে নিয়ে যেতে চেয়েছিলেন।’ শোনা যায়, ওই প্রীতি ভোজেই খেলোয়াড়দের পেছনে কেজিবির গুপ্তচর লাগিয়ে রেখেছিল রাশিয়ান সরকার। খেলোয়াড়রা যাতে বিদেশের কোনো ক্লাবে খেলার প্রস্তাব না গ্রহণ করেন, সেটা নিশ্চিত করাই ছিল গুপ্তচরদের কাজ। পোনেদেলনিক নিজেও পরে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ সভাপতির সেই প্রস্তাব নিয়ে ভাবতে ভয় পাচ্ছিলাম। সবিনয়ে তাঁকে বলে দিয়েছি, দেশের ক্লাবের সঙ্গেই আমাদের চুক্তি করা আছে। যদিও তখন আমাদের কোনো চুক্তিই ছিল না।’