প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাপুরুষের দল!’ শব্দ দুটি উচ্চারণ করে কী বিতর্কেই না পড়েছিলেন হোপ সোলো। রিও অলিম্পিকে ফুটবলের কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়ে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ম্যাচের পর যুক্তরাষ্ট্রের গোলকিপার সোলো সুইডিশদের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করে তাদের বলেছিলেন ‘কাপুরুষ’। সেটিই রীতিমতো আগুনে ঘি ঢেলে দেয়। ছয় মাসের জন্য নিষিদ্ধও হয়েছেন ৩৫ বছর বয়সী গোলকিপার। পরে অবশ্য যুক্তরাষ্ট্রের সমর্থকদের কাছে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সোলো, এবার ব্যাখ্যা দেবেন সুইডিশদের কাছেও। ‘স্কাভলান’ নামের অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার কথা ছিল কাল, সেটিরই প্রচারণামূলক ভিডিওতে সোলো বলেছেন, ‘আমি ওদের খেলোয়াড়দের কাপুরুষ বলিনি, কোচকেও বলিনি। আমি বোঝাতে চেয়েছি, ওদের খেলার ধরনটা অলিম্পিকের চেতনার সঙ্গে যায়নি।’ ফক্স স্পোর্টস।