সোসিয়েদাদের কাছে হার বার্সার

রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গেছে বার্সেলোনা। দিনের প্রথম ম্যাচে রিয়ালকে হারিয়ে ভ্যালেন্সিয়া একটা বড় সুযোগ এনে দিয়েছিল বার্সার সামনে। সোসিয়েদাদকে হারালেই লা লিগার শীর্ষ স্পটটা নিজেদের করে নিতে পারত তারা। কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়ে সেই সুযোগটা হেলায় হারিয়েছে লুইস এনরিকের দল।
মেসি-নেইমারবিহীন একাদশ সাজিয়ে শুরুতেই বিপাকে পড়ে বার্সেলোনা। খেলার দ্বিতীয় মিনিটেই জরদি আলবার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়াটা ছিল তুলনামূলক নবীনদের নিয়ে গড়া প্রথম একাদশের জন্য এক ধরনের ধাক্কাই। সেই ধাক্কা ম্যাচের শেষ অবধিও কাটিয়ে উঠতে পারেনি তারা।
আক্রমণে পেদ্রো আর লুইস সুয়ারেজ নিজেদের পায়ে বলের দখল ঠিকই রেখেছিলেন কিন্তু সুযোগ তৈরিতে তাঁদের ব্যর্থতা প্রথম থেকেই ভোগাচ্ছিল বার্সেলোনাকে। উল্টো ৩৮ মিনিটে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে গিয়েছিল সোসিয়েদাদ। কিন্তু বার্সার সৌভাগ্যই বলতে হবে লজ্জার বোঝাটা আর ভারী হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মুনির এল হাদ্দাদির জায়গায় মাঠে নামেন লিওনেল মেসি। ৫৮ মিনিটে পেদ্রোর জায়গায় নামেন নেইমার। মেসি-নেইমারের উপস্থিতিতে আক্রমণে গতি এলেও গোলের দেখা হয়নি তাঁদের।
৮৬ মিনিটে দারুণ একটি গোলের সুযোগ হারান সুয়ারেজ। তাঁর হেড ঠেকিয়ে দেন সোসিয়েদাদের আর্জেন্টাইন গোলরক্ষক জেরেনিমো রুলি। বাকি সময়টা আক্রমণের পর আক্রমণ শাণিয়েও আরাধ্য গোলের স্বাদ আর পাওয়া হয়নি বার্সেলোনার।