সৌদি মালিক চাকরিতে রাখল না নিউক্যাসল কোচকে

স্টিভ ব্রুসছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাঘুষা গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। বিশেষ করে নিউক্যাসল ইউনাইটেড যখন সৌদি মালিক পেল, তারপর থেকেই।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের স্নেহপুষ্ট একটি কনসোর্টিয়াম ৩০ কোটি পাউন্ডের বিনিময়ে নিউক্যাসলের শতভাগ মালিকানা কিনে নিয়েছে, এ আগের খবর। বিত্তশালী নতুন মালিকের অধীনে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজির মতো নিউক্যাসলও বদলে যাবে আগাগোড়া, এটা বলার অপেক্ষা রাখে না।

আর সে বদলের শুরুটা যে কোচ ছাঁটাইয়ের মধ্য দিয়েই হবে, সেটা বোঝা গিয়েছিল আগে থেকেই। নতুন মালিক স্টিভ ব্রুসের মতো সাদামাটা প্রোফাইলের কোনো কোচকে নিউক্যাসলের দায়িত্বে রাখবেন, এটা কল্পনা করতে পারেননি কেউই। এমনকি ব্রুস নিজেও নিজের চাকরি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন।

শেষমেশ ব্রুসের আশঙ্কাই সত্যি হয়েছে। ছাঁটাই করা হয়েছে এই ইংলিশ ম্যানেজারকে। এর মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টা নিশ্চিত করেছে নিউক্যাসল।

গত ১৭ অক্টোবর টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে খেলেছে নিউক্যাসল। হেরেছে ৩-২ গোলে। হারা ম্যাচে একটি মাইলফলকও ছুঁয়েছেন ব্রুস। সেদিন কোচ হিসেবে ১০০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। ২০১৯ সালের জুলাইয়ে নিউক্যাসলের দায়িত্ব নেওয়ার পর ৯৭ ম্যাচের দায়িত্বে ছিলেন। ফলে এই ক্লাবের হয়েও ১০০ ম্যাচের মাইলফলক ছিল তাঁর সামনে।

শেষমেশ নিজের হাজারতম ম্যাচটাই নিউক্যাসলের ম্যানেজার হিসেবে তাঁর শেষ ম্যাচ হয়ে রইল। যদিও নিউক্যাসল জানাচ্ছে, পারষ্পরিক সম্মতির ভিত্তিতেই দায়িত্ব ছেড়েছেন ব্রুস। আপাতত নতুন কোন প্রধান কোচ নিয়োগ দেওয়ার ইচ্ছে নেই নিউক্যাসলের। ব্রুসের সহকারী গ্রায়েম জোন্সকে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দেওয়া হয়েছে দায়িত্ব।

চাকরি হারানোর শঙ্কা আগেই করেছিলেন ব্রুস
ছবি : রয়টার্স

তবে বিদায়টা যে ভালোভাবে হয়নি, সেটা বোঝা গেছে ব্রুসের কথাতেই। ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক লুক এডওয়ার্ডসকে ব্রুস জানিয়েছেন, 'আমার মনে হয় ম্যানেজার হিসেবে এটাই আমার শেষ চাকরি ছিল। কেউ যদি আপনাকে পছন্দ না করে, আপনার কাজকে যদি পছন্দ না করে, তাহলে ব্যাপারটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেক মানুষ আছে যারা বসেই থাকে আপনার ব্যর্থ হওয়ার জন্য। বলতেই থাকে যে আপনি ব্যর্থ হবেন। এরা সবসময় বলবে আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি জায়গার অপচয়। আপনি একটা অপদার্থ।'


জানা গেছে, ছাঁটাইয়ের ক্ষতিপূরণ বাবদ ব্রুসকে ৮০ লাখ পাউন্ড দেওয়া হচ্ছে। লিগের পয়েন্ট তালিকায় অবনমনের আশঙ্কায় আছে নিউক্যাসল, তাদের অবস্থান ১৯তম।