সৌভাগ্য, বিতর্ক সঙ্গী করে জয় লিভারপুলের
নিজেদের পিঠ চাপড়ে দেওয়ার পাশাপাশি রেফারি আর ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ডদেরও ধন্যবাদ দিতে পারে লিভারপুল!
গতকাল সাউদাম্পটনের মাঠে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করার পর থেকেই ক্যালকুলেটর আর এক বুক আশা নিয়ে বসে গেছেন লিভারপুলের সমর্থকেরা। টানা ১২ ম্যাচ পর সিটির জয়ের ধারায় ছেদ পড়েছে, তাতে লিভারপুলের লিগ শিরোপার লড়াইয়ে ফেরার দরজা একটু হলেও খুলেছে। কিন্তু সব হিসাব-নিকাশের আগে নিজেদের তো জিততে হতো। ক্রিস্টাল প্যালেসের মাঠে লিভারপুল জিতেছে ৩-১ গোলে।
সে জয়ের পথে লিভারপুল নিজেদের পিঠ চাপড়ে দিতে পারে তিন গোল করার কারণে, আর সেটি করতে না পারায় ধন্যবাদ দিতে পারে ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ডদের। চার-পাঁচটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে প্যালেসই যে এই ম্যাচ জিতে বেরিয়ে যায়! লিভারপুলের শিরোপাদৌড়ে ফেরার ক্ষীণ আশাও তখন আবার গুঁড়িয়ে যায়।
প্যালেসের সমর্থকদের পাশাপাশি রেফারিও লিভারপুলের ধন্যবাদ পাবেন, কারণ, শেষ মুহূর্তে লিভারপুলের তৃতীয় গোলটি এসেছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে। যা দেখে সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছেন, ‘কখনোই পেনাল্টি না, লাখো বছরেও না।’
এখনো যে লিভারপুল শিরোপাদৌড়ে পেপ গার্দিওলার সিটিকে ধরে ফেলার আশপাশে আছে, তা নয়। কাল ড্রয়ের পর শীর্ষে থাকা সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ২৩ ম্যাচে ৫৭। আজ জয়ের পর লিভারপুলের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮।
অর্থাৎ হাতে থাকা ম্যাচটিও জিতলেও তখন সিটির সঙ্গে ব্যবধানটা ৬ পয়েন্ট কমিয়ে আনতে পারবে লিভারপুল। সে ক্ষেত্রে ৯ এপ্রিল সিটির মাঠে সিটি-লিভারপুল ম্যাচ হয়ে যেতে পারে বড় প্রভাবক। লিগের বাকি অন্য ১৪ ম্যাচের ফলের হিসেব-নিকেশ তো আছেই। সেখানে সিটির হোঁচট আর নিজেদের জয়রথই ঠিক করে দিতে পারে লিভারপুলের শিরোপার আশা।
তবে আজ প্যালেসের মাঠে প্যালেসের মিডফিল্ডারদের পাসে যেভাবে বারবার হা হয়ে গেছে লিভারপুলের রক্ষণ। মাইকেল ওলিস, ওডসোন এডওয়ার্ড, কনর গ্যালাঘার কিংবা জঁ-ফিলিপ-মাতেতারা যেভাবে বারবার ফাঁকি দিয়েছেন ফন ডাইক-মাতিপদের রক্ষণকে, সেটি লিভারপুলের জয়রথের আশাকে বড় প্রশ্নের মুখেই ফেলবে। ওলিস, এডওয়ার্ডরা অন্তত চার-পাঁচটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ, লিভারপুল গোলকিপার আলিসনও দলের ত্রাতা হয়ে এসেছেন বেশ কয়েকবার।
ম্যাচের শুরুটা অবশ্য এমন ছিল না। ভার্জিল ফন ডাইক আর অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের গোলে ৩২ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। দুটি গোলই গড়ে দিয়েছেন লেফটব্যাক অ্যান্ডি রবার্টসন। ৮ মিনিটে ফন ডাইকের গোলটি এসেছে কর্নারে, এরপর চেম্বারলেইনের গোলের উৎস রবার্টসনের দারুণ ক্রস। শুধু দুই গোলই নয়, লিভারপুলের প্রেসিং, পাসিংয়ের সামনে তখন প্যাট্রিক ভিয়েরার অধীন প্যালেস পাত্তাই পাচ্ছিল না।
কিন্তু দুই গোলের পর লিভারপুলের গা এলিয়ে দেওয়াই হোক কিংবা দুই গোল খেয়ে অবশেষে প্যালেসের জেগে ওঠা...কারণ যা-ই হোক, এরপর হঠাৎ করে ম্যাচের নাটাই হাতবদল হয়ে গেল।
বারবার লিভারপুলকে কাঁপিয়ে দেয় প্যালেস, প্রথমার্ধেই দু-তিনবার গোল পেতে পেতেও পায়নি নিজেদের দোষে। কখনো মাতেতা পুরো গোলপোস্ট সামনে পেয়েও শট মেরেছেন লিভারপুল গোলকিপার আলিসনের পায়ে, তো কখনো ওলিসের ক্রসে ২-৩ গজ দূর থেকে গ্যালাঘার হেডটা পোস্টে রাখতে পারেননি।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই গল্পটা বিরতির আগের মতোই—প্যালেসের দাপট আর গোলের সুযোগ হারানো। অবশেষে গল্পে একঘেয়েমি কাটে ৫৫ মিনিটে এডওয়ার্ডের গোলে। এরপরও প্যালেসই ছড়ি ঘোরাচ্ছিল, তবে গোল খাওয়ার পর থেকে কিছুটা গতি বাড়ে লিভারপুলের। জমজমাট এক সমাপ্তির সম্ভাবনাই জাগাচ্ছিল ম্যাচ, কিন্তু সেটি নষ্ট হয়ে যায় রেফারির কারণে।
৮৯ মিনিটে নিজেদের রক্ষণ থেকে লিভারপুল রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের চোখধাঁধানো ভাসানো পাস পান প্যালেসের পেনাল্টি বক্সের দিকে ছুটতে থাকা লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা। পাসটা নিয়ন্ত্রণে নিয়েও শট নিতে দেরি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের ধাক্কায় বলের নিয়ন্ত্রণও অনেকটা হারিয়ে ফেলেন। এদিকে জোতার কাছ থেকে বল কেড়ে নিতে এগিয়ে আসা প্যালেস গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে জোতার।
ভিএআরে অনেকক্ষণ দেখার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যদিও সেটি নিয়ে বিতর্ক হচ্ছে অনেক। তা যা-ই হোক, পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে আপাতত দুশ্চিন্তামুক্ত করেন ফাবিনিও।