সৌরভ ছড়াল না প্যারিসে

‘শুধু ভালো নয়, আমরা আসলে অসাধারণ খেলেছি।’
ম্যাচ শেষে কোচের এমন কথা থেকে কী অনুসিদ্ধান্তে আসতে পারেন? নিশ্চয় দলটা দারুণ দাপটের সঙ্গে খেলেছে, প্রতিপক্ষ তাদের কাছে পাত্তাই পায়নি! কথাটা এমন এক দলের কোচ বলেছেন, যারা কিন্তু কোনো গোলই করতে পারেনি। কিন্তু পিএসজির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরেও রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজ এমন তৃপ্ত কেন?
ম্যাচটা দেখলে কারণটা অবশ্য অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়। ‘ভাঙাচোরা’ একটা দল নিয়ে পার দ্য প্রিন্সেসে এসেছিল রিয়াল। বেল, বেনজেমা, রদ্রিগেজ—সবাই বাইরে। তারপরও নিজেদের মাঠে পিএসজিকেই বেশি সন্ত্রস্ত মনে হলো। হেসে সহজ একটা সুযোগ নষ্ট না করলে আর রোনালদো আরেকটু সপ্রতিভ হলে জয়ই তো পেতে পারত রিয়াল।
তাই হয়তো অনেক বড় জয়ের পরও যেটা দেন না, পরশু বেনিতেজ সে রকমই প্রশংসাপত্র দিয়ে দিলেন খেলোয়াড়দের, ‘কোচ হিসেবে আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট। জয়ের জন্য যা দরকার, আমরা তার সবকিছুই করেছি।’
৬০ বছর আগে প্যারিসের এই পার দ্য প্রিন্সেসেই নিজেদের প্রথম ইউরোপিয়ান শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। পরশু সেই মাঠেই গোল পেল না রিয়াল। অথচ টানা ৪১ ম্যাচে গোল করার রেকর্ড নিয়েই মাঠে নেমেছিল তারা। চোটজর্জর দল নিয়ে বেনিতেজ রক্ষণাত্মক খেলতেই পারেন, কিন্তু নিজেদের মাঠে পিএসজি অমন খোলসে ঢুকে রইল কেন? গত বছর এই দলটাই বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছিল, পরশুর পিএসজিকে দেখে সেটা বিশ্বাস করা একটু কষ্টই।
অমরাবতী প্যারিসে ম্যাচটা যত সৌরভ ছড়ানোর কথা ছিল, তার ছিটেফোঁটাও ছড়াল না। পিএসজি কোচ লরা ব্লাঁর প্রতিক্রিয়াটা অবশ্য স্বাভাবিকই, ‘যে ফলটা চেয়েছিলাম, সেটা পাইনি। অনেকেই হয়তো আশা করেছিল রিয়ালের এই দলের সঙ্গে পিএসজি দাপিয়ে খেলবে। সেটা হয়নি। ড্রটা ন্যায্য ফলই বলতে হবে।’ আরেকটি দিকে দুই দলই ‘লাভবান’ হয়েছে, এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পোর্তো ছাড়া রিয়াল-পিএসজিই এখন পর্যন্ত হারেনি।
জয় না পেয়েও বেনিতেজ যেমন সন্তুষ্ট, লুই ফন গালও তেমনি পয়েন্ট হারানোর পরও অখুশি নন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অবশ্য সিএসকেএ মস্কোর সঙ্গে ম্যাচের আগেই বলেছিলেন, এক পয়েন্ট পেলেই সফরটা সফল মনে করবেন। প্রথমার্ধে তো মনে হচ্ছিল রাশিয়া থেকে খালি হাতেই ফিরতে হবে ইউনাইটেডকে। ১৫ মিনিটে একেবারেই বালখিল্য একটা ভুলে স্বাগতিকদের পেনাল্টি উপহার দিলেন অ্যান্থনি মার্শিয়াল। ডেভিড ডি গিয়া সেটি ঠেকিয়েই দিয়েছিলেন, কিন্তু সেইডু ডুম্বিয়া দৌড়ে এসে ফিরতি বল জড়িয়ে দিলেন জালে। ইউনাইটেডও একেবারেই ছন্নছাড়া, পুরো অর্ধে আক্রমণ করতে পেরেছে কেবল একটি।
দ্বিতীয়ার্ধে নিজেদের একটু ফিরে পেল ইউনাইটেড। ‘প্রায়শ্চিত্ত’ করার সুযোগ পেয়ে গেলেন মার্শিয়াল, ৬৫ মিনিটে দারুণ এক হেডে বল জড়িয়ে দিলেন জালে। তবে ১৯ বছর বয়সী স্ট্রাইকার কিন্তু কোচের বকুনি এড়াতে পারেননি, ‘ওরা মার্শিয়ালের কাছ থেকে একটি পেনাল্টি উপহার পেয়েছে। সেও মানুষ, এমন কিছু হতেই পারে। তবে কাজটা সে বোকার মতো করেছে।’
‘বোকা’ মার্শিয়ালের ‘চতুর’ গোলেই হার এড়িয়েছে ইউনাইটেড। ‘বোকামি’ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মন্দ কী! এএফপি, ইএসপিএন।
এক নজরে
পিএসজি ০ : ০ রিয়াল মাদ্রিদ
সিএসকেএ ১ : ১ ইউনাইটেড
জুভেন্টাস ০ : ০ ম’গ্লাডবাখ
ম্যান সিটি ২ : ১ সেভিয়া
মালমো ১ : ০ শাখতার
ভলফ্সবুর্গ ২ : ০ পিএসভি
অ্যাটলেটিকো ৪ : ০ আস্তানা
গ্যালাতাসারাই ২ : ১ বেনফিকা
* স্বাগতিক দল প্রথমে