স্কুলপড়ুয়া ফুটবলারদের খুঁজছে বাংলাদেশ

>• ২৫ মার্চ সাড়া দেশব্যাপী শুরু হতে যাচ্ছে স্কুল ফুটবল টুর্নামেন্ট।
• ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্তপর্বে খেলবে ১৬টি দল।
• টুর্নামেন্টের সেরা ২৬ খেলোয়াড়ের জায়গা হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে।
স্কুল পড়ুয়া ছেলেরা নড়েচড়ে বসতেই পারে, তাদের জন্য আছে সুখবর। ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ এর মোড়কে শুরু হতে যাচ্ছে ফুটবল লড়াই। দেশের সব স্কুল নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে ২৫ মার্চ। রংপুর বিভাগ থেকে শুরু হবে স্কুল পড়ুয়া ফুটবলারদের এই মহা আয়োজন। বিভাগীয় পর্যায় শেষে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্তপর্বে খেলবে ১৬টি স্কুল। এখান থেকে বাছাইকৃত ২৬ সেরা খেলোয়াড়ের জায়গা হবে বাফুফে আয়োজিত অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে।
বিএফ শাহিন স্কুলের জার্সিতে খেলেই আজকে দেশের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছেন সালাউদ্দিন। অথচ তিন মেয়াদে দেশের ফুটবলের হর্তাকর্তার পদে থাকার পরও অনেক বছর ধরে মাঠে নেই স্কুল ফুটবল। এর ফলে উঠে আসছে না ফুটবলার। দেশের ফুটবলার সংকটের পেছনে যা অন্যতম বড় কারণ। অবশেষে স্কুল থেকে ফুটবলার তৈরির শুভ উদ্যোগটি নিয়েছে ইউনিলিভার। টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এ রকম একটা টুর্নামেন্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের সব রকমের সহযোগিতা করব।’
শুভ উদ্যোগের শুরুতেই উঠেছে একটি প্রশ্ন। স্কুলছাত্রদের জন্য টুর্নামেন্টে বয়স ১৭ কেন? স্বাভাবিকভাবে বয়সটা হওয়া উচিত ছিল আরও কম। অবশ্য বিষয়টি বিবেচনায় আছে বলে জানিয়েছেন আয়োজকেরা। ইতিমধ্যে প্রতিবছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল আয়োজন করে দেশে ফুটবলার তৈরির বিশাল একটা কাজ করে দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজকের নারী ফুটবলের সফলতার পেছনে এই টুর্নামেন্টটির অবদান সবচেয়ে বেশি। নতুন এ টুর্নামেন্ট থেকে সুফল পাবে বাংলাদেশের ফুটবল, সে আশাও করা যায়।