স্কোরার নেই চট্টগ্রাম আবাহনীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রাইকার-সংকটে হাঁসফাঁস করছে জাতীয় দল। ক্লাবে ভালো স্ট্রাইকার না থাকারই কুফল এটি। স্ট্রাইকার-সংকট কতটা জাঁকিয়ে বসেছে, চট্টগ্রাম আবাহনীর দিকে তাকালেই পরিষ্কার। লিগে একজন মাত্র স্ট্রাইকার নিয়ে খেলছে শিরোপাপ্রত্যাশী এই দলটি। হাইতির লিওনেল প্রিউক্স গোল না পেলে মামুনুলদের আকাশ ঢাকা পড়ছে মেঘে।

ঢাকায় ষষ্ঠ রাউন্ডে লিওনেল গোল পাননি। রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হার চট্টগ্রাম আবাহনীর। এক মাস পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সপ্তম রাউন্ডেও লিওলেন গোলহীন। এবার অবশ্য আরামবাগ সুযোগটা নিতে পারেনি। ম্যাচ গোলশূন্য ড্র।

আরামবাগ যে গতিতে প্রতি আক্রমণে আসতে অভ্যস্ত, কাল সেভাবে খেলতে পারেনি বলেই চট্টগ্রাম আবাহনী অন্তত একটা পয়েন্ট নিয়ে ফিরেছে। লিগে কালই প্রথম খেলতে নামা স্ট্রাইকার টাইসনের কাছে যতটা আশা করেছিলেন আরামবাগ কোচ সাইফুল বারী, পুরো ফিট না হওয়ার সেটা পূরণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান।

চট্টগ্রাম আবাহনী প্রাধান্য নিয়ে খেললেও গোলমুখে খেই হারানোর অভ্যাসটা যায়নি। দুই উইংয়ে রুবেল ও ইব্রাহিম যথারীতি ভালো করছেন, অনেকগুলো সুযোগ তৈরি করেছেন তাঁরা। কিন্তু গোল করবেন কে? হাইতিয়ান স্ট্রাইকার নোয়েল মৌসুমের প্রথম ম্যাচে খেলেই চোটে পড়েন। কিছুদিন অলস সময় কাটিয়ে ফিরে যান দেশে। প্রথম পর্ব শেষ হওয়ার আগে বিকল্প কোনো স্ট্রাইকার নেওয়ার সুযোগও নেই।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলের চূড়া থেকে একটু পিছিয়েই পড়েছে চট্টগ্রাম আবাহনী। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল শীর্ষে। চট্টগ্রাম আবাহনীর ১১। আরামবাগ মাঝারি সারির দল হিসেবে ভালোই করছে। সাত ম্যাচে ৭ পয়েন্ট।